শিরোনাম:
হোম / আন্তর্জাতিক / ফিলিস্তিন অ্যাকশনকে সমর্থন, যুক্তরাজ্যে ৯৪ বছর বয়সী ইহুদি আইনজীবী গ্রেপ্তার
94-year-old-jewish-human-rights-lawyer-arrested-over-palestine-action-support

ফিলিস্তিন অ্যাকশনকে সমর্থন, যুক্তরাজ্যে ৯৪ বছর বয়সী ইহুদি আইনজীবী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | ১ অক্টোবর ২০২৬

যুক্তরাজ্যে নিষিদ্ধ সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভে অংশ নেওয়ায় ৯৪ বছর বয়সী ইহুদি মানবাধিকার আইনজীবী মার্গারেট ওয়েনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লিভারপুলে লেবার পার্টির সম্মেলনের বাইরে আয়োজিত এক বিক্ষোভ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভে ওয়েনের হাতে থাকা প্ল্যাকার্ডে গাজায় গণহত্যার বিরোধিতা এবং প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থনের কথা লেখা ছিল।

মার্সিসাইড পুলিশ জানিয়েছে, ওই বিক্ষোভে নিষিদ্ধ একটি সংগঠনকে সমর্থন করে এমন সামগ্রী বহনের সন্দেহে মোট ৮২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া আরও ৭৯ জনকে আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

মার্গারেট ওয়েন দীর্ঘদিন ধরে মানবাধিকার নিয়ে কাজ করছেন। বিশেষ করে নারীদের অধিকার ও বিধবা নারীদের অধিকার প্রতিষ্ঠায় অবদানের জন্য ২০১৩ সালে তাকে ‘অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ বা ওবিই সম্মাননা দেওয়া হয়।

আল জাজিরাকে ওয়েন জানান, প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার প্রতিবাদে তিনি এর আগেও লন্ডনে একাধিক বিক্ষোভে একই ধরনের প্ল্যাকার্ড নিয়ে অংশ নিয়েছিলেন। এমনকি বিষয়টি জানিয়ে মেট্রোপলিটন পুলিশকে চিঠিও দিয়েছিলেন। তবে এর আগে তাকে গ্রেপ্তার করা হয়নি।

২০২৫ সালের জুলাইয়ে ব্রিটিশ সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। এরপর থেকে সংগঠনটির প্রতি সমর্থন প্রদর্শনের অভিযোগে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সরকারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেই প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থনের অভিযোগে ১ হাজার ৬৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

ওয়েনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে কি না, সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত বছরের শেষ দিকে জানা যেতে পারে।

#যুক্তরাজ্য #ফিলিস্তিন #প্যালেস্টাইনঅ্যাকশন #মার্গারেটওয়েন #মানবাধিকার #গাজা #UK #PalestineAction #MargaretOwen #Gaza

Share
WhatsApp