শিরোনাম:
হোম / বাংলাদেশ / নিজ দলের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান, বললেন ‘আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন?’

নিজ দলের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান, বললেন ‘আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন?’

জাতীয় ডেস্ক | ১২ অক্টোবর, ২০২৬

হুইপ আশরাফ উদ্দিন নিজান, নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে জমি, নদী ও খাল দখল, চাঁদাবাজি এবং থানায় দালালির অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন. শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরে নিজের বাসভবনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। এ সময় তিনি প্রশ্ন করেন, ‘আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন?’

বক্তব্যে হুইপ নিজান বলেন, দলের কিছু নেতাকর্মী চর দখল, মহিষের জন্য ঘাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ছেন। মুখে এসব কর্মকাণ্ডের কথা অস্বীকার করলেও বাস্তবে অনেকে এমন কাজ করছেন বলে মন্তব্য করেন তিনি। নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, অন্যের জমি, নদী, খাল ও বিভিন্ন জায়গা দখল, চাঁদাবাজি এবং থানায় দালালির মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যক্তিগত লাভের জন্য যারা এসব করছেন, তাঁদের অবিলম্বে এসব কাজ থেকে বিরত থাকতে হবে। নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে হুইপ বলেন, তিনি প্রতিদিন ২৪ ঘণ্টার মধ্যে ১৬ থেকে ১৮ ঘণ্টা রাজনীতি করেন। তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ কেউ তুলতে পেরেছে কি না, সে প্রশ্নও রাখেন তিনি।নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যদি আমার বিরুদ্ধে এমন অভিযোগ না থাকে, তাহলে আমার নেতাকর্মীরা কেন এসব অনিয়ম করবে?’

গত ৫ আগস্টের পর থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন জানিয়ে তিনি আক্ষেপ করে বলেন, দলের একটি অংশের নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। তাঁদের বহিষ্কার করেও থামানো যায়নি উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, ‘এখন কি তাদের জেলে দেব?’ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়েও নেতাকর্মীদের সতর্ক করেন হুইপ নিজান। তিনি বলেন, সবাই চেয়ারম্যান হতে চাইলে তো হবে না। প্রার্থী হতে হলে জনগণের কাছে গ্রহণযোগ্যতা ও পরিচিতি থাকতে হবে।একজন চেয়ারম্যান প্রার্থী হতে হলে তাঁর নিজের অন্তত ৫০ শতাংশ ইমেজ থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি অন্যকে নেতা হিসেবে মেনে নেওয়ার মানসিকতা তৈরির আহ্বান জানান।ব্যক্তিগত স্বার্থ ও পদ-পদবির আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের আস্থা অর্জনের মাধ্যমে রাজনীতি করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জাতীয় সংসদের এই হুইপ।

Share
WhatsApp