জাতীয় ডেস্ক | ১৩ নভেম্বর, ২০২৬
সাহাবীদের হাত ধরে বাংলায় ইসলামের আলো!
বাংলাদেশে ইসলামের আগমন নিয়ে বহুল প্রচলিত ধারণা হলো- ১২০৪ খ্রিষ্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজীর বাংলা বিজয়ের মাধ্যমেই এদেশে ইসলাম পৌঁছায়। কিন্তু লালমনিরহাটের মজেদের আড়ায় আবিষ্কৃত প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ সেই ধারণাকে চ্যালেঞ্জ করছে। ৬৯ হিজরি (আনুমানিক ৬৯০ খ্রিষ্টাব্দ) খোদাই করা ইটের সন্ধান পাওয়া গেছে এই মসজিদে, যা প্রমাণ করে খিলজীর আগমন ঘটেছিল আরও প্রায় ৬০০ বছর পরে।
লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস মৌজায় ‘মজেদের আড়া’ নামক জঙ্গলে ১৯৮৭ সালে আবিষ্কৃত হয় এই মসজিদের ধ্বংসাবশেষ। খননের সময় পাওয়া একটি ইটে ‘কালেমা তাইয়্যেবা’ ও ‘৬৯ হিজরি’ খোদাই করা ছিল। গবেষকদের মতে, এটি বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রাচীনতম মসজিদগুলোর একটি। ‘রংপুরের ইতিহাস’ গ্রন্থ অনুসারে, রাসূল (সা.)-এর মামা ও হযরত আমেনা (রা.)-এর চাচাতো ভাই আবু ওয়াক্কাস (রা.) ৬২০-৬২৬ খ্রিষ্টাব্দে এই অঞ্চলে ইসলাম প্রচার শুরু করেন। ইসলামিক চিন্তাবিদদের ধারণা, তিনিই এই মসজিদটি নির্মাণ করেছিলেন অথবা তাঁর যুগেই এটি প্রতিষ্ঠিত হয়। ব্রহ্মপুত্র-তিস্তা অববাহিকার প্রাচীন বাণিজ্যপথ ধরে চীনে যাওয়ার পথে তিনি এখানে অবস্থান করেছিলেন বলে মনে করা হয়। বাংলাদেশে ইসলামের আগমন যে সাহাবীদের হাত ধরেই ঘটেছিল, লালমনিরহাটের এই প্রাচীন মসজিদ তার জাজ্বল্যমান প্রমাণ। ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি আমাদের ঐতিহ্য ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করেছে।
