আন্তর্জাতিক ডেস্ক | ১ অক্টোবর ২০২৬
শিক্ষক সংকট ও জরাজীর্ণ শিক্ষা অবকাঠামোর প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলমান শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই সহিংস হয়ে উঠছে। দেশটির মার্সেই শহরে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শরীরে পেট্রল ঢেলে হামলা করা হয়েছে। একই দিনে অন্তত দুটি বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মার্সেইয়ের সেন্ট-এক্সুপেরি হাইস্কুলে আগুন নেভাতে যাওয়া একটি ফায়ার সার্ভিসের গাড়ি ঘিরে ধরে কয়েকশ তরুণ। একপর্যায়ে দমকলকর্মীদের গাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করা হয় এবং পরে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
একই শহরের ভিক্টর হুগো হাইস্কুলের প্রধান শিক্ষকের শরীরে হামলাকারীরা পেট্রল ঢেলে দেয়। এ ঘটনায় তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে প্রসিকিউটরের কার্যালয়। তবে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানানো হয়নি।
এদিকে পশ্চিমাঞ্চলীয় নঁত শহরের নেলসন ম্যান্ডেলা হাইস্কুলেও আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কেউ আহত হননি। ভবনের ভেতরে থাকা সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
গত সপ্তাহে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ ও বিদ্যালয় অবরোধ ইতোমধ্যে ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। শিক্ষক সংকট, অতিরিক্ত শিক্ষার্থী এবং বিদ্যালয়ের অবকাঠামোর দুরবস্থার প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। বিক্ষোভে এখন পর্যন্ত কয়েক ডজন মানুষ আহত হয়েছেন এবং কয়েকশ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বেশিরভাগই কিশোর।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার বিকেলে জরুরি বৈঠক করেছেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। একই দিনে সরকারের ২০২৭ সালের বাজেটে ব্যয় কমানোর বিভিন্ন পরিকল্পনা প্রকাশের পর চলমান বিক্ষোভ রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
প্যারিসের উপকণ্ঠ সাঁ-দেনিসেও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ করেছেন।
ফরাসি সরকার বিক্ষোভের সময় সংঘটিত সহিংসতার নিন্দা জানিয়েছে। তবে একই সঙ্গে বিদ্যালয়গুলোতে বিদ্যমান সমস্যার সমাধান প্রয়োজন বলেও স্বীকার করেছে। যেসব বিদ্যালয়ে বিক্ষোভের কারণে প্রবেশ বাধাগ্রস্ত হচ্ছে, সেখানে অনলাইনে পাঠদান চালুর আহ্বান জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী এদুয়ার গেফ্রে।
#ফ্রান্স #ছাত্রবিক্ষোভ #শিক্ষার্থী #মার্সেই #শিক্ষাব্যবস্থা #France #StudentProtests #Marseille