শিরোনাম:
হোম / আন্তর্জাতিক / কিয়েভে আরও বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি কূটনীতিকদের শহর ছাড়ার আহ্বান
russia-warns-diplomats-leave-kyiv-as-massive-strikes-continue

কিয়েভে আরও বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি কূটনীতিকদের শহর ছাড়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | ৩ অক্টোবর ২০২৬

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে বড় ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। একই সঙ্গে কিয়েভে অবস্থানরত বিদেশি নাগরিক ও কূটনীতিকদের শহর ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে মস্কো।

শনিবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেনীয় বাহিনীর হামলার জবাবে কিয়েভ ও অন্যান্য শহরের সামরিক স্থাপনায় পরিকল্পিত হামলা অব্যাহত রাখবে রুশ বাহিনী।

মস্কোর দাবি, রাশিয়ার বেসামরিক জনগণ ও অবকাঠামোর বিরুদ্ধে ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ায় এসব অভিযান চালানো হচ্ছে। তবে ইউক্রেন রাশিয়ার এই অবস্থানের বিরোধিতা করে আসছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি নাগরিক এবং কূটনৈতিক মিশনের কর্মীদের ইউক্রেনে অবস্থান বা দেশটিতে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। সতর্কতা উপেক্ষা করলে সম্ভাব্য পরিণতির দায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপরই থাকবে বলেও জানিয়েছে মস্কো।

সাম্প্রতিক দিনগুলোতে কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে রাশিয়া। শনিবার ডিনিপ্রো নদীর ওপর কিয়েভের নর্দার্ন ব্রিজে রুশ হামলায় সড়ক ও গণপরিবহন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং যান চলাচল ব্যাহত হয়।

এর আগের দুই দিনেও কিয়েভের সাউদার্ন ব্রিজে একাধিক ড্রোন হামলা হয়। রাজধানীর প্রায় ৩০ লাখ বাসিন্দার বড় একটি অংশ প্রতিদিন ডিনিপ্রো নদীর দুই তীরের মধ্যে যাতায়াত করায় এসব সেতু শহরের যোগাযোগব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহে বলেছেন, রাশিয়ায় ইউক্রেনের হামলার জবাব দেওয়া হচ্ছে এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, শীতের আগে শহরগুলোর অবকাঠামোর ওপর চাপ বাড়াতে রাশিয়া হামলার পরিধি বিস্তৃত করছে। মস্কো ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করার অভিযোগ অস্বীকার করে।

কৃষ্ণসাগরেও দুই দেশের পাল্টাপাল্টি হামলা বেড়েছে। একই সঙ্গে রাশিয়ার তেল শোধনাগার ও সীমান্তবর্তী অঞ্চলে ইউক্রেনীয় হামলা অব্যাহত রয়েছে। উভয় পক্ষই বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে।

#রাশিয়া #ইউক্রেন #কিয়েভ #রাশিয়াইউক্রেনযুদ্ধ #পুতিন #জেলেনস্কি #Russia #Ukraine #Kyiv #Putin #Zelensky

Share
WhatsApp