আন্তর্জাতিক ডেস্ক | ১৭ নভেম্বর, ২০২৬
ইমরান খানের খোলা চিঠি,
‘জীবিত ফিরতে পারব কি না জানি না’- এমন আশঙ্কার কথা জানিয়ে কারাগার থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের কাছে খোলা চিঠি লিখেছেন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। নিজের পাশাপাশি স্ত্রী বুশরা বিবির চিকিৎসা নিশ্চিত করতে জরুরি হস্তক্ষেপ চেয়েছেন তিনি। সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত চিঠিটি পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট এবং ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা।ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে সাক্ষাতের সময় ইমরান খান তাঁকে এই বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন চিঠিতে ইমরান খান দাবি করেন, দীর্ঘদিনের বন্দিত্ব ও চিকিৎসাসংক্রান্ত জটিলতায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
– তাঁর দাবি, রক্তচাপ বিপজ্জনক মাত্রায় ওঠানামা করছে।
– চিকিৎসকেরা মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্রোগের ঝুঁকির কথা জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
– ডান চোখের দৃষ্টিশক্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
স্ত্রী বুশরা বিবির চোখের সমস্যার কথা উল্লেখ করে ইমরান বলেন, এপ্রিলে তাঁর রেটিনায় জটিলতা দেখা দেয় এবং অস্ত্রোপচার করা হয়। নতুন করে অস্ত্রোপচার না হলে দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে চিঠিতে দাবি করা হয়েছে। তবে পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী কারাগারে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ইমরান খান নিয়মিত চিকিৎসা পাচ্ছেন এবং একাধিকবার হাসপাতালে পরীক্ষা করানো হয়েছে।ইমরান খানের এই চিঠির পর তাঁর ও বুশরা বিবির চিকিৎসা এবং আদালতের পূর্ববর্তী নির্দেশনা বাস্তবায়নের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
