আন্তর্জাতিক ডেস্ক | ৭ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র ইরানের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকদি।
ইরানের ফারস সংবাদ সংস্থার বরাতে নাকদি বলেন, হরমুজ প্রণালি বর্তমানে বন্ধ রয়েছে এবং এটি ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের বৈধ দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
হরমুজ দিয়ে গোপনে তেল পরিবহনের বিষয়ে তিনি দাবি করেন, এর পরিমাণ খুবই কম। ছোট নৌযানের মাধ্যমে কিছু তেল ট্যাংকারে স্থানান্তর করা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফও জানিয়েছিলেন, জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সমঝোতায় উল্লেখিত শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না ইরান।
তবে প্রণালিকে ঘিরে উত্তেজনা ও জাহাজে হামলার ঘটনা চলমান থাকলেও সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে ইরান বাদে উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি যুদ্ধপূর্ব সময়ের ৮১ শতাংশের বেশি পর্যায়ে পৌঁছেছে।
বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। ফলে এই জলপথকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান বিরোধ আন্তর্জাতিক জ্বালানি বাজার ও সামুদ্রিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
#ইরান #হরমুজ_প্রণালি #যুক্তরাষ্ট্র #মধ্যপ্রাচ্য #তেল #বিশ্বসংবাদ #Iran #StraitOfHormuz #Hormuz #MiddleEast #Oil #WorldNews
