আন্তর্জাতিক ডেস্ক | ৯ অক্টোবর ২০২৬
সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় দেশটিতে অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তে দেশটির পার্লামেন্টে কোনো ভোটাভুটি হয়নি। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতিতে সামরিক বাহিনীর ক্রমবর্ধমান প্রভাবের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা বেড়ে যাওয়ায় সৌদি আরবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে গত আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি প্রথমবারের মতো কার্যকর করা হয়েছে।
সোমবার রিয়াদে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সৌদি ও তুর্কি সামরিক কর্মকর্তাদের সঙ্গে অংশ নেন। বৈঠক শেষে তিন দেশ মক্কা ও মদিনায় হামলার চেষ্টার নিন্দা জানায়। একই সঙ্গে নিজ নিজ দেশের আইন অনুযায়ী প্রয়োজনীয় সামরিক বাহিনী ও সক্ষমতা দ্রুত মোতায়েনের ঘোষণা দেয়।
তবে কতজন পাকিস্তানি সেনা সৌদি আরবে পাঠানো হবে, তাঁদের দায়িত্ব কী হবে কিংবা কতদিন সেখানে অবস্থান করবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিরক্ষা চুক্তি কার্যকরের ক্ষেত্রে সরকারের প্রয়োজনীয় সব প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। তবে এ সিদ্ধান্তে মন্ত্রিসভা বা পার্লামেন্টের কোনো ভূমিকা ছিল কি না, তা স্পষ্ট করেনি মন্ত্রণালয়। সেনা মোতায়েনের বিস্তারিত তথ্য প্রকাশ না করার কারণ হিসেবে সামরিক কার্যক্রমের গোপনীয়তার কথা বলা হয়েছে।
এর আগে ২০১৫ সালে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযানে অংশ নেওয়ার জন্য পাকিস্তানের কাছে সেনা, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ চাওয়া হয়েছিল। সে সময় বিষয়টি পার্লামেন্টে উত্থাপন করে তৎকালীন সরকার। পরে পাকিস্তানের পার্লামেন্ট সর্বসম্মতভাবে ইয়েমেন সংঘাতে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নেয়। তবে সৌদি আরবের ভূখণ্ড ও পবিত্র স্থানগুলোর নিরাপত্তা রক্ষায় সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়।
এবার পরিস্থিতি ভিন্ন। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যানের মতে, অতীতে পার্লামেন্টের সিদ্ধান্ত মেনে সেনা মোতায়েন থেকে বিরত থাকার নজির থাকলেও বর্তমানে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন এসেছে।
গত বছর পাকিস্তানের সংবিধানে আনা পরিবর্তনের মাধ্যমে আসিম মুনিরকে ২০৩০ সাল পর্যন্ত তিন বাহিনীর নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি ফিল্ড মার্শাল হিসেবে আজীবন পদমর্যাদা ও ফৌজদারি বিচার থেকে দায়মুক্তির বিধানও যুক্ত করা হয়।
বিশ্লেষকদের মতে, সৌদি আরবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। দেশটির কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দীর্ঘদিন ধরে রাজনীতিতে সামরিক বাহিনীর অতিরিক্ত হস্তক্ষেপের অভিযোগ করে আসছে। যদিও সেনাবাহিনী এসব অভিযোগ অস্বীকার করেছে।
পিটিআইয়ের মুখপাত্র জুলফি বুখারি বলেছেন, এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজনৈতিক বিচক্ষণতার সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত।
অন্যদিকে সৌদি আরবে মোতায়েন করা পাকিস্তানি সেনারা সরাসরি হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবেন কি না, তা এখনো পরিষ্কার নয়। ইরানসমর্থিত হুতিদের বিরুদ্ধে পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে তেহরানের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কে নতুন জটিলতা তৈরি হতে পারে।
বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে পাকিস্তান মধ্যস্থতার ভূমিকা পালন করছে। ফলে সৌদি আরবের নিরাপত্তায় সামরিক সহযোগিতা এবং ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশটির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যে পাকিস্তানের সামরিক ভূমিকা যত বাড়বে, দেশটির অভ্যন্তরীণ নীতিনির্ধারণেও সেনাবাহিনীর প্রভাব তত বেশি আলোচনায় আসবে।
#পাকিস্তান #সৌদি_আরব #আসিম_মুনির #পাকিস্তানি_সেনা #মধ্যপ্রাচ্য #বিশ্বসংবাদ #Pakistan #SaudiArabia #AsimMunir #PakistanMilitary #MiddleEast #WorldNews
