জাতীয় ডেস্ক | ১৭ নভেম্বর, ২০২৬
গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন-
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি সূত্রের বরাতে জানা গেছে, বাহিনীটির এসআরবি-০১-এর একটি দল বারিধারার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁকে গুলশান থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাঈদ খোকনের বিরুদ্ধে এর আগেও দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান এবং মামলা হয়েছে। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।এ ছাড়া ২০২৫ সালে সাঈদ খোকন ও তাঁর পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে প্রায় ৫৪ কোটি ৭৮ লাখ টাকার অর্থপাচারের অভিযোগে মামলা করে দুদক। গ্রেপ্তারের পর তাঁকে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে কোন মামলায় বা নির্দিষ্ট কোন অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশিত হয়নি। সাবেক মেয়র সাঈদ খোকনের গ্রেপ্তারের ঘটনায় রাজধানীর রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের দিকে এখন নজর সংশ্লিষ্ট মহলের।
