জাতীয় ডেস্ক | ১৭ নভেম্বর, ২০২৬
আমির হামজাকে ঘিরে সংসদে হট্টগোল, সংযত আচরণের আহ্বান স্পিকারের
জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে ঘিরে হট্টগোল ও পাল্টাপাল্টি মন্তব্যের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) প্রশ্নোত্তর পর্বে সৃষ্ট উত্তেজনার পর সংসদ সদস্যদের সংযত ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার মাগরিবের নামাজের বিরতির আগে আমির হামজার একটি তারকাচিহ্নিত প্রশ্ন উত্থাপনের সময় সংসদে হট্টগোল শুরু হয়। কয়েকজন সরকারি দলের সংসদ সদস্যের মন্তব্য ও প্রতিক্রিয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার উদ্যোগ নেওয়া হবে কি না, তা জানতে খাদ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করেছিলেন আমির হামজা। পরে খাদ্যমন্ত্রী আফরোজা খানম প্রশ্নের উত্তর দেন।পরবর্তী সময়ে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বিষয়টি উত্থাপন করেন। তিনি আমির হামজাকে ঘিরে মন্তব্য ও হট্টগোলের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং সংসদ সদস্যদের মর্যাদা রক্ষায় স্পিকারের হস্তক্ষেপ চান।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদের মর্যাদা রক্ষা করা সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র—সব সংসদ সদস্যের দায়িত্ব। তিনি সহনশীলতা প্রদর্শন এবং অন্যের বক্তব্য ধৈর্যসহকারে শোনার আহ্বান জানান। স্পিকার আরও বলেন, বক্তব্যে আপত্তিকর শব্দ ব্যবহার করা হলে তা সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে। প্রয়োজনে জবাব দেওয়ার সুযোগও থাকবে। সংসদে মতপ্রকাশের স্বাধীনতা ও পারস্পরিক সম্মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে স্পিকার অধিবেশনের পরিবেশ দায়িত্বশীল রাখার আহ্বান জানিয়েছেন।
