শিরোনাম:
হোম / আন্তর্জাতিক / ভারতে ভোটার তালিকা থেকে বাদ পড়া মুসলিমদের কেউ আটক, কেউ বাংলাদেশে বহিষ্কার
india-muslim-voter-deletion-deportation

ভারতে ভোটার তালিকা থেকে বাদ পড়া মুসলিমদের কেউ আটক, কেউ বাংলাদেশে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | ১৮ নভেম্বর ২০২৬

ভারতে ভোটার তালিকা সংশোধনের পর নাগরিকত্ব নিয়ে সংকটে পড়েছেন দেশটির বহু মুসলিম। তালিকা থেকে নাম বাদ পড়ার পর তাঁদের কয়েকজনকে আটক, জিজ্ঞাসাবাদ ও বাংলাদেশে বহিষ্কারের ঘটনা উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে।

সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়া হয়েছে। ভারতের ইতিহাসে এটিই ভোটার তালিকা থেকে সবচেয়ে বড় সংখ্যক নাম বাদ দেওয়ার ঘটনা।

পশ্চিমবঙ্গে চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে প্রায় ৯০ লাখ নাম বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সাবার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, অধিকতর যাচাই-বাছাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ ভোটারের প্রায় ৭০ শতাংশ মুসলিম। অথচ রাজ্যটির মোট জনসংখ্যার প্রায় ২৭ শতাংশ মুসলিম।

রয়টার্স এমন ১০টি পরিবারের সঙ্গে কথা বলেছে, যাদের সদস্যরা ভোটার তালিকা থেকে বাদ পড়ার পর আটক, বহিষ্কার কিংবা নাগরিকত্বসংক্রান্ত জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন।

তাঁদের একজন ৩৮ বছর বয়সী সাহিদা ফকির। গত ১৯ জুলাই মুম্বাইয়ে সবজি কিনতে বের হওয়ার পর পুলিশ তাঁকে আটক করে। সাহিদার অভিযোগ, পরিচয়পত্রের অনুলিপি থাকা মুঠোফোনটি জব্দ করে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

বর্তমানে সাতক্ষীরায় অবস্থান করছেন সাহিদা। ভারতে থাকা স্বামী ও দুই সন্তানের কাছে ফিরে যেতে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

রয়টার্সের যাচাই করা নথিতে দেখা গেছে, ১৯৫২ সালের প্রথম জাতীয় নির্বাচন থেকেই সাহিদার বাবা-মা ও দাদা-দাদির নাম ভারতের ভোটার তালিকায় ছিল। সাহিদা নিজেও অন্তত ২০০৮ সাল থেকে পশ্চিমবঙ্গের নিবন্ধিত ভোটার ছিলেন।

তবে ভারতীয় কর্তৃপক্ষ আদালতে জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় সাহিদা বাংলাদেশের একটি জন্মসনদ উপস্থাপন করেছিলেন এবং ভারতীয় নাগরিকত্বের গ্রহণযোগ্য প্রমাণ দিতে পারেননি। সাহিদা এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন।

গত ৫ নভেম্বর হরিয়ানায় এক সমাবেশে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং পরে তাঁদের দেশ থেকে বহিষ্কার করা হবে।

মানবাধিকারকর্মীরা বলছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া কোনো ব্যক্তির বিদেশি নাগরিক হওয়ার প্রমাণ নয়। নাগরিকত্ব নির্ধারণের জন্য যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন।

ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে রাজনৈতিক সুবিধা অর্জন এবং মুসলিমদের প্রতি বৈষম্যের অভিযোগ উঠলেও বৈধ ভারতীয় নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

এদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে বিপুলসংখ্যক আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বিচারিক প্রক্রিয়ার ধীরগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীরা।

Share
WhatsApp