আন্তর্জাতিক ডেস্ক | ১৮ নভেম্বর ২০২৬
আমাজনে বিচ্ছিন্ন আদিবাসী আওয়া জনগোষ্ঠীর প্রায় ২০ সদস্য খাবারের খোঁজে লোকালয়ের কাছে এসে আবার বনে ফিরে গেছে। ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।
ব্রাজিলের আমাজন বনে স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন করা আদিবাসী জনগোষ্ঠী আওয়ার (Awá) প্রায় ২০ সদস্য হঠাৎ লোকালয়ের কাছে এসে খাবার চেয়েছে। ১৬ নভেম্বর ব্রাজিলের মারানিয়াও রাজ্যের আরারিবোইয়া আদিবাসী অঞ্চলে এ ঘটনা ঘটে। পরে খাবার নিয়ে তারা আবার বনে ফিরে যায়।
আদিবাসী অধিকার নিয়ে কাজ করা সংস্থা সারভাইভাল ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, আওয়া জনগোষ্ঠীর সদস্যরা প্রতিবেশী গুয়াজাজারা সম্প্রদায়ের একটি গ্রামের কাছে সরকারি দলের সঙ্গে যোগাযোগ করে। তারা মূলত ইয়াম বা মিষ্টি আলুজাতীয় খাবার চেয়েছিল। বিশেষজ্ঞ ও অধিকারকর্মীদের আশঙ্কা, বনাঞ্চলে অবৈধ গাছ কাটা, শিকার এবং ভূমি দখলের চাপ তাদের জীবনযাত্রাকে সংকটে ফেলতে পারে। তবে খাবার চাওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়। ব্রাজিলের আদিবাসীবিষয়ক সংস্থা ফুনাই (Funai) পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সংস্থাটি জরুরি পরিকল্পনাও সক্রিয় করেছে।বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সঙ্গে অনিয়ন্ত্রিত যোগাযোগে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় সরকার তাদের স্বেচ্ছায় বিচ্ছিন্ন থাকার অধিকার রক্ষার নীতি বজায় রাখছে।
