জাতীয় ডেস্ক | ১৮ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম নগরে এবার দিনে-দুপুরে জেলা পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। টহল দলের সদস্যরা গাড়িটি সড়কের পাশে রেখে খাবার খেতে গেলে এক ব্যক্তি সেটি চালিয়ে পালিয়ে যান।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গাড়িটি উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার টহল দলের কয়েকজন সদস্য একটি পুরোনো পিকআপ ভ্যান নিয়ে দায়িত্ব পালন করছিলেন। দুপুরে তাঁরা জেলা পুলিশ লাইনের সামনে গাড়িটি রেখে পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে দেখেন, সেখানে গাড়িটি নেই।
পরে আশপাশের নিরাপত্তা ক্যামেরার ধারণ করা ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি গাড়িতে উঠে সেটি চালিয়ে নিয়ে যাচ্ছেন।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, টহল দলের সদস্যরা গাড়িটি পুলিশ লাইনের সামনে রেখে খাবার খেতে গিয়েছিলেন। এ সময় এক ব্যক্তি গাড়িটি নিয়ে পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তার এবং গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানিয়েছেন, তদন্তের পর ঘটনার বিস্তারিত জানানো হবে।
এদিকে গাড়ি চুরির ঘটনার কয়েক ঘণ্টা আগে নগরের মুরাদপুর এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, পুলিশ বক্সের সামনে কাপড়জাতীয় একটি বস্তুতে আগুন দেওয়া হয়। পরে সেই আগুন পুলিশ বক্সে ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থল থেকে নিরাপত্তা ক্যামেরার ভিডিও সংগ্রহ করেছে পুলিশ। সেগুলো পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
পুলিশের গাড়ি চুরি ও পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনায় কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি পুলিশ।
