জাতীয় ডেস্ক | ১৮ নভেম্বর ২০২৬
মাধ্যমিকের শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ
মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ এবং ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতোমধ্যে এ বিষয়ে আদেশ জারি করেছে। সেই আদেশ অনুযায়ী, শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থী- উভয়ের জন্যই মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পড়াশোনায় মনোযোগ বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশেও মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নীতিমালা প্রণয়নের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বলেও জানান তিনি।উল্লেখ্য, এই নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ সম্পর্কে। পুরো শিক্ষাপ্রতিষ্ঠানে বা শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবনে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ- এমন তথ্য মন্ত্রীর বক্তব্যে দেওয়া হয়নি।
