আন্তর্জাতিক ডেস্ক | ২ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে আনতে জরুরি মজুত থেকে বিপুল পরিমাণ ডিজেল ছাড়তে সম্মত হয়েছে ইউরোপীয় দেশগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে চাপ এবং ডিজেলের দাম বেড়ে যাওয়ার মধ্যে ইউরোপের ওপর জরুরি মজুত ব্যবহারের জন্য চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।
এর আগে ফ্রান্স একটি প্রস্তাব দেয়, যেখানে ইউরোপীয় দেশগুলোকে জরুরি মজুত থেকে ৫ কোটি ব্যারেল ডিজেল এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (IEA) সদস্যদেশগুলোকে আরও ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ছাড়ার কথা বলা হয়।
প্রস্তাব অনুযায়ী, ইউরোপের ডিজেলের একটি অংশ ২০ দিনের মধ্যেই বাজারে ছাড়া হতে পারে।
এর আগে ট্রাম্প প্রশাসন ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপের বড় দেশগুলোকে জরুরি মজুত থেকে ডিজেল ছাড়ার জন্য চাপ দেয়। অন্যথায় যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার কথাও জানানো হয়েছিল।
তবে ইউরোপীয় দেশগুলো আলোচনায় বলেছে, ডিজেলের মজুত ছাড়ার কোনো চুক্তি হলে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে ডিজেল রপ্তানি বন্ধ না করার নিশ্চয়তা দিতে হবে।
শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জি৭ নেতাদের সঙ্গে জ্বালানি পরিস্থিতি নিয়ে ভিডিও বৈঠক করেন। এর আগে তিনি ট্রাম্পের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেন।
ইউরোপে ডিজেলের মজুত ছাড়ার আলোচনা শুরু হওয়ার খবরেই আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব পড়ে। যুক্তরাষ্ট্রে ডিজেলের ফিউচার মূল্য ৪ শতাংশের বেশি কমেছে। ইউরোপের বেঞ্চমার্ক ডিজেলের দামও প্রতি মেট্রিক টনে ১০০ ডলারের বেশি কমে যায়।
ইরান যুদ্ধের পাশাপাশি রাশিয়ার জ্বালানি রপ্তানিতে বিধিনিষেধ এবং চীনের অক্টোবর মাসে পরিশোধিত জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের কারণে সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে ডিজেলের সরবরাহে চাপ বেড়েছে।
#ইউরোপ #যুক্তরাষ্ট্র #ডিজেল #জ্বালানি #ডোনাল্ডট্রাম্প #বিশ্ববাজার #Europe #Diesel #FuelPrices #DonaldTrump
