শিরোনাম:
হোম / আন্তর্জাতিক / ম্যাসাচুসেটসে ২৭০-এর বেশি ধর্মযাজকের হাতে প্রায় ১,০০০ শিশু যৌন নির্যাতনের শিকার
massachusetts-catholic-clergy-child-sexual-abuse-investigation

ম্যাসাচুসেটসে ২৭০-এর বেশি ধর্মযাজকের হাতে প্রায় ১,০০০ শিশু যৌন নির্যাতনের শিকার

আন্তর্জাতিক ডেস্ক | ১ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে কয়েক দশক ধরে ২৭০ জনের বেশি ক্যাথলিক ধর্মযাজকের হাতে প্রায় এক হাজার শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ফল রিভার, স্প্রিংফিল্ড ও উস্টার—এই তিনটি ক্যাথলিক ডায়োসিসে অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে এসব নির্যাতনের ঘটনা ঘটে। তদন্তে ২৭০ জনের বেশি ধর্মযাজকের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনের তথ্য পাওয়া গেছে।

ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল আন্দ্রেয়া জয় ক্যাম্পবেল বলেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ডায়োসিসগুলো শিশুদের ওপর নির্যাতনের ঘটনা সম্পর্কে জানত। কিন্তু অনেক ক্ষেত্রেই শিশুদের সুরক্ষার পরিবর্তে গির্জার সুনাম রক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল।

তদন্ত অনুযায়ী, অধিকাংশ নির্যাতনের ঘটনা ঘটেছে ২০০২ সালের আগে। ওই বছর বোস্টন গ্লোবের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে ক্যাথলিক গির্জায় ধর্মযাজকদের যৌন নির্যাতন এবং তা ধামাচাপা দেওয়ার ঘটনা ব্যাপকভাবে সামনে আসে।

২০১৯ সালে তৎকালীন ম্যাসাচুসেটস অ্যাটর্নি জেনারেল মাউরা হিলি ফল রিভার, স্প্রিংফিল্ড ও উস্টার ডায়োসিসকে ঘিরে ফৌজদারি তদন্ত শুরু করেছিলেন। বর্তমান অ্যাটর্নি জেনারেলের দপ্তর তদন্তের সময় তিনটি ঘটনা স্থানীয় প্রসিকিউটরদের কাছে পাঠায়। এর মধ্যে উস্টারের একটি ঘটনায় অভিযোগও আনা হয়। তবে অনেক ঘটনা সংঘটনের সময় সংশ্লিষ্ট আচরণ আইনের আওতায় অপরাধ হিসেবে বিবেচিত না হওয়া এবং কিছু ক্ষেত্রে আইনি সময়সীমা পেরিয়ে যাওয়ায় নতুন করে মামলা করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।

উস্টার ডায়োসিস জানিয়েছে, তারা প্রতিবেদনটি পর্যালোচনা করবে এবং অতীতের নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তা ও শিশুদের নিরাপত্তা আরও জোরদার করতে অতিরিক্ত কী ব্যবস্থা নেওয়া যায়, তা খতিয়ে দেখবে।

#ম্যাসাচুসেটস #যুক্তরাষ্ট্র #ক্যাথলিকচার্চ #শিশুনির্যাতন #যৌননির্যাতন #Massachusetts #CatholicChurch #ChildAbuse #USNews

Share
WhatsApp