আন্তর্জাতিক ডেস্ক | ৩ অক্টোবর ২০২৬
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন সময় তিনি এ মন্তব্য করলেন, যখন প্রায় ৯ হাজার অতিরিক্ত মার্কিন নাবিক ও মেরিনকে মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার আলাবামার মোবাইলে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, যুদ্ধটি দ্রুত শেষ হবে এবং সম্ভবত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই এর সমাপ্তি ঘটবে। তবে যুদ্ধ কীভাবে বা কোন শর্তে শেষ হতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
এর আগে বৃহস্পতিবার মার্কিন এক কর্মকর্তা জানান, ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং ইউএসএস মাকিন আইল্যান্ড অ্যাম্ফিবিয়াস রেডিনেস গ্রুপ মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে। এসব জাহাজে ৭ হাজারের বেশি নাবিক এবং প্রায় ২ হাজার মেরিন রয়েছেন।
নতুন এই মোতায়েনের ফলে মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন থাকতে পারে। ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন ইতোমধ্যে ওই অঞ্চলে রয়েছে।
একদিকে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কথা বললেও অন্যদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প। তিনি জানিয়েছেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি ইরানের দেওয়া যুদ্ধবিরতির একটি প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। ওই প্রস্তাবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। ট্রাম্পের ভাষ্য, তেহরানের প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের জন্য যথেষ্ট ভালো ছিল না।
ফলে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার বিষয়ে ট্রাম্প আশাবাদী বক্তব্য দিলেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও বাড়ছে। নতুন বাহিনী মোতায়েনের ফলে ইরানকে ঘিরে ওয়াশিংটনের সামরিক বিকল্পও আরও বিস্তৃত হচ্ছে।
#ইরান #যুক্তরাষ্ট্র #ডোনাল্ডট্রাম্প #মধ্যপ্রাচ্য #Iran #US #DonaldTrump #MiddleEast #IranWar
