আন্তর্জাতিক ডেস্ক | ৩ অক্টোবর ২০২৬
নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় ইয়েমেনে ভয়াবহ আকার ধারণ করছে ক্ষুধা সংকট। দেশটির সরকার-নিয়ন্ত্রিত যেসব এলাকায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) কাজ করতে পারছে, সেখানে প্রতি চারটি পরিবারের মধ্যে প্রায় তিনটি পর্যাপ্ত খাবার পাচ্ছে না।
WFP জানিয়েছে, মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এসব এলাকায় মৌলিক খাদ্য চাহিদা পূরণ করতে না পারা পরিবারের হার বেড়ে ৭৪ শতাংশে পৌঁছেছে। চলতি বছরে এটি সর্বোচ্চ। ইয়েমেনজুড়ে বর্তমানে প্রায় ১ কোটি ৮৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে রয়েছে।
সাম্প্রতিক সংঘাতের কারণে দেড় লাখের কাছাকাছি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এদের অনেকেই এর আগেও একাধিকবার বাস্তুচ্যুত হয়েছিল। এডেনের আশপাশ এবং তাইজসহ বিভিন্ন এলাকায় অনেক পরিবার খাবার ও পানি ছাড়াই আশ্রয়ের সন্ধানে পৌঁছাচ্ছে বলে জানিয়েছে WFP।
পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে নিত্যপ্রয়োজনীয় খাবারের মূল্যবৃদ্ধি। ইয়েমেন তার প্রয়োজনীয় খাবারের প্রায় ৯০ শতাংশ আমদানি করে। ফলে যুদ্ধের কারণে বাণিজ্য ও পরিবহনব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। তাইজের কিছু এলাকায় মাত্র দুই সপ্তাহে গমের আটার দাম ১০ শতাংশ বেড়েছে।
বিশেষ করে শিশুদের পরিস্থিতি উদ্বেগজনক। WFP-এর হিসাবে, পাঁচ বছরের কম বয়সী প্রায় ২২ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। এর মধ্যে প্রায় পাঁচ লাখ শিশু মারাত্মক তীব্র অপুষ্টির শিকার, যা তাদের জীবনের জন্য সরাসরি হুমকি তৈরি করছে।
সংস্থাটি জানিয়েছে, সংঘাতের কারণে তাইজ ও হোদেইদার কিছু এলাকায় মানবিক সহায়তা পৌঁছানো বন্ধ হয়ে গেছে। এর ফলে প্রায় সাড়ে তিন লাখ মানুষের কাছে WFP ও তাদের সহযোগীরা প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে পারছে না।
সংকট মোকাবিলায় জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তার জন্য দ্রুত ১০ কোটি ৯০ লাখ ডলার প্রয়োজন বলে জানিয়েছে WFP। এই অর্থ পাওয়া গেলে সংঘাতে ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ ১৫ লাখ মানুষকে জরুরি সহায়তা দেওয়া সম্ভব হবে। প্রয়োজনীয় অর্থ না এলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই খাদ্যের মজুত ও জরুরি সহায়তার অর্থ ফুরিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
WFP সতর্ক করেছে, সংঘাত দীর্ঘায়িত হলে ইয়েমেনের ক্ষুধা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বাব আল-মান্দেব ও হরমুজ প্রণালিতে চলাচল বাধাগ্রস্ত হলে খাদ্য ও জ্বালানির দাম আরও বাড়তে পারে, যার প্রভাব ইয়েমেনের বাইরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
#ইয়েমেন #ক্ষুধাসংকট #বিশ্বখাদ্যকর্মসূচি #মধ্যপ্রাচ্য #মানবিকসংকট #Yemen #WFP #HungerCrisis #MiddleEast
