শিরোনাম:
হোম / বাংলাদেশ / উন্নয়ন ও অবকাঠামো / ফেনীতে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন বন্যা নিয়ন্ত্রণসহ একাধিক প্রকল্প

ফেনীতে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন বন্যা নিয়ন্ত্রণসহ একাধিক প্রকল্প

পরশুরাম ও ফুলগাজীতে দিনব্যাপী কর্মসূচি; প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেনীজুড়ে ব্যাপক প্রস্তুতি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পরশুরাম ও ফুলগাজীতে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সফরকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।

সরকারি সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় ঢাকার গুলশানের নিজ বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর। দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। সেখানে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচিও রয়েছে।

প্রায় ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের আওতায় নদী ও জলাশয় পুনঃখনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ এবং সেচ অবকাঠামো সংস্কারের কাজ রয়েছে। দীর্ঘদিন ধরে বন্যা, নদীভাঙন ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এ অঞ্চলের মানুষের কাছে প্রকল্পটি বিশেষ গুরুত্ব বহন করছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় কৃষি, সেচব্যবস্থা ও জনজীবনে ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

পরশুরামের কর্মসূচি শেষে দুপুর দেড়টার দিকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর দুপুর ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিকেল সাড়ে ৩টার দিকে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কার্যক্রমের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেনীর পরশুরাম ও ফুলগাজীর অনুষ্ঠানস্থলসহ গুরুত্বপূর্ণ এলাকায় প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে সাজানো হয়েছে অনুষ্ঠানস্থল, চলছে পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি।

তবে এই সফরকে ঘিরে স্থানীয় মানুষের সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প। বছরের পর বছর বন্যা, নদীভাঙন ও জলাবদ্ধতার দুর্ভোগে থাকা এলাকার বাসিন্দারা আশা করছেন, প্রকল্পটির বাস্তবায়নের মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে। একই সঙ্গে ফেনীর মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও মুছাপুর ক্লোজারসহ বিভিন্ন উন্নয়ন দাবিও সামনে এসেছে।

#তারেক_রহমান #প্রধানমন্ত্রী #ফেনী #মুহুরী_কহুয়া_প্রকল্প #বাংলাদেশ

Share
WhatsApp