শিরোনাম:
হোম / বাংলাদেশ / কৃষি ও প্রাণিসম্পদ / এ বছর কৃষক কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
43-lakh-farmers-to-get-farmer-card-this-year

এ বছর কৃষক কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক

জাতীয় ডেস্ক | ১ অক্টোবর ২০২৬

 

চলতি বছরের মধ্যে দেশের ৪৩ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানিয়েছেন।

ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, কৃষক কার্ডের প্রাক-পাইলট কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর এবার বড় পরিসরে এর কার্যক্রম শুরু হয়েছে।

প্রথম ধাপে ১ লাখ ১০ হাজার ১৬৫ জন কৃষককে এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে। এর মধ্যে ১ অক্টোবর ১ লাখ ৪৭ জন কৃষক কৃষি উপকরণ কেনার জন্য জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পাবেন। এছাড়া ফেনী জেলার ৭ হাজার ৬৪৩ জন কৃষকের হাতে কৃষক কার্ডের মুদ্রিত কপি তুলে দেওয়া হবে।

কৃষিমন্ত্রী জানান, এই কর্মসূচিতে দেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলা যুক্ত থাকবে। এর মধ্যে ১৩টি উপজেলার সঙ্গে সরাসরি সংযোগ থাকবে এবং আরও ৬৪টি উপজেলা কর্মসূচিতে অংশ নেবে।

সরকারের লক্ষ্য চলতি বছরের মধ্যেই পর্যায়ক্রমে ৪৩ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড ও সংশ্লিষ্ট উপকরণ সহায়তা পৌঁছে দেওয়া। পাশাপাশি আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে দেশের সব কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের কৃষি উপকরণ কেনায় সহায়তার পাশাপাশি সরকারি কৃষি সুবিধা আরও সহজে সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

#কৃষককার্ড #কৃষি #কৃষক #বাংলাদেশ #জাতীয় #FarmerCard #Agriculture #Bangladesh

Share
WhatsApp