শিরোনাম:
হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে আরও কঠোর জবাবের প্রস্তুতি ইরানের
iran-prepares-harder-retaliation-if-us-attacks-again

যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে আরও কঠোর জবাবের প্রস্তুতি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক | ২ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্র আবার বড় ধরনের সামরিক হামলা চালালে আগের চেয়ে আরও বিস্তৃত ও শক্তিশালী পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির তিন জ্যেষ্ঠ কর্মকর্তা ও সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

সূত্রগুলো বলছে, ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা সম্ভাব্য পাল্টা হামলার লক্ষ্য, পরিধি ও সময় নিয়ে পরিকল্পনা পর্যালোচনা করছেন। শুধু যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট স্থাপনা নয়, মার্কিন সামরিক অভিযানে সহায়তা করা দেশগুলোর বিভিন্ন স্থাপনাও সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় থাকতে পারে। এমনকি মধ্যপ্রাচ্যের বাইরের কিছু স্থান নিয়েও আলোচনা হচ্ছে।

তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিউইয়র্ক থেকে দেশে ফেরার পর সম্ভাব্য নতুন মার্কিন হামলার জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আলোচনা আরও জোরদার হয়েছে।

দুটি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র বড় ধরনের হামলা চালালে ইরানকে সহায়তার জন্য লেবানন, ইয়েমেন ও ইরাকে তেহরানের মিত্র গোষ্ঠীগুলোকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে তেহরান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠায় ইরান। তেহরানের দাবি, প্রস্তাবটি গৃহীত হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং আঞ্চলিক সংঘাত বন্ধ করার পথ তৈরি হতে পারে।

ইরানের প্রস্তাবে সংঘাত বন্ধ, দেশটির বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার, অন্তত ১২ বিলিয়ন ডলারের জব্দ করা ইরানি অর্থ ছাড় এবং তেল নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার মতো শর্ত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানান, তিনি ইরানের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি পাল্টা প্রস্তাব তেহরানের কাছে পৌঁছেছে এবং সেটি পর্যালোচনা করা হচ্ছে।

ইরানি সূত্রগুলোর ভাষ্য, ওয়াশিংটন দেশটির পারমাণবিক কর্মসূচিকেও আলোচনার অন্তর্ভুক্ত করতে চায়। অন্যদিকে তেহরান বলছে, তাদের দেওয়া শর্তগুলো পূরণের পরই পারমাণবিক আলোচনা শুরু হতে পারে।

দুই পক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকলেও দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম বলে রয়টার্সকে জানিয়েছেন এক ইরানি কর্মকর্তা।

#ইরান #যুক্তরাষ্ট্র #ডোনাল্ডট্রাম্প #মধ্যপ্রাচ্য #হরমুজ #Iran #UnitedStates #Trump #MiddleEast #StraitOfHormuz

Share
WhatsApp