শিরোনাম:
হোম / আন্তর্জাতিক / ইরানে ‘সন্ত্রাসী সেল’ ধ্বংসের দাবি, আস্তানায় মিলল স্টারলিংক
irgc-says-terrorist-cell-destroyed-near-chabahar-port

ইরানে ‘সন্ত্রাসী সেল’ ধ্বংসের দাবি, আস্তানায় মিলল স্টারলিংক

আন্তর্জাতিক ডেস্ক | ৩ অক্টোবর ২০২৬

ইরানের গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরের কাছে একটি কথিত ‘সন্ত্রাসী আস্তানা’ ধ্বংসের দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। অভিযানে অন্তত দুইজন নিহত হয়েছে এবং আরও কয়েকজনকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে বাহিনীটি।

ইরানের ফারস নিউজ এজেন্সির বরাতে আইআরজিসি জানিয়েছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাসক শহরের কাছের পাহাড়ি এলাকায় অভিযানটি চালায় তাদের কুদস বাহিনী।

আইআরজিসির দাবি, ওই এলাকায় সক্রিয় একটি সশস্ত্র গোষ্ঠীর আস্তানা শনাক্ত করার পর অভিযান চালানো হয়। সেখান থেকে স্টারলিংক ডিভাইসের পাশাপাশি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে তারা।

এর আগে বৃহস্পতিবার ওই অঞ্চলের একটি নিরাপত্তা চৌকিতে হামলায় ইরানের নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হন। এরপরই সংশ্লিষ্ট এলাকায় অভিযান শুরু করে আইআরজিসি।

ইরানি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অভিযানে নিহত ব্যক্তিদের পরিচয় বা তারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। আইআরজিসির এসব দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে অবস্থিত চাবাহার দেশটির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি বন্দর। চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে গত জুলাইয়ে চাবাহারের অবকাঠামো ও নৌ নিয়ন্ত্রণ স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী।

#ইরান #আইআরজিসি #চাবাহার #সিস্তানবেলুচিস্তান #মধ্যপ্রাচ্য #Iran #IRGC #Chabahar #SistanBaluchestan

Share
WhatsApp