আন্তর্জাতিক ডেস্ক | ১০ অক্টোবর ২০২৬
যুক্তরাজ্যে ১৫ বছর বয়সী এক ছাত্রকে নানা উপহার ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পর যৌন নির্যাতনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন ৩৪ বছর বয়সী এক শিক্ষাসহকারী। মেলানি রক নামের ওই নারী ইংল্যান্ডের আইল অব ওয়াইটের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
শুক্রবার (৯ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ও দ্য সানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ঘটনাগুলো ঘটে। সে সময় মেলানি রক আইল অব ওয়াইটের মেডিনা কলেজে শিক্ষাসহকারী হিসেবে কাজ করতেন।
অভিযোগপক্ষ জানায়, প্রথমে ইনস্টাগ্রামের মাধ্যমে ওই কিশোরের সঙ্গে যোগাযোগ শুরু করেন মেলানি। পরে বিদ্যালয়ের বাইরে তাঁর সঙ্গে দেখা করতে থাকেন। বিভিন্ন সময়ে কিশোরটিকে রেস্তোরাঁয় খাবার খাওয়ানো, নগদ অর্থ দেওয়া এবং দামি পোশাক কিনে দেওয়ার মাধ্যমে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন তিনি।
আদালতকে জানানো হয়, ওই ছাত্রকে একাধিকবার নিজের বাড়িতে নিয়ে যান মেলানি। সেখানে তাঁকে ব্যক্তিগত যৌনসামগ্রীর সংগ্রহ দেখানো হয়। এ ছাড়া কিশোরটির সঙ্গে অনুপযুক্ত শারীরিক আচরণের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।
মামলার শুনানিতে আরও উঠে আসে, মেলানি ওই কিশোরকে ৩৫০ পাউন্ডের বেশি মূল্যের পোশাক কিনে দিয়েছিলেন। পাশাপাশি বিভিন্ন সময়ে অর্থ, ইলেকট্রনিক সিগারেট ও খাবারও দিয়েছিলেন।
ঘটনাটি প্রকাশ্যে আসে যখন বিদ্যালয়ের একজন কর্মী মেলানিকে ওই ছাত্রের সঙ্গে একটি রেস্তোরাঁয় দেখতে পান। বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পর পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে মেলানি দাবি করেছিলেন, কিশোরটির সঙ্গে তাঁর দেখা হয়েছিল কাকতালীয়ভাবে এবং সে মাত্র একবার তাঁর বাড়িতে গিয়েছিল। তবে আদালতে উপস্থাপিত সিসিটিভি ফুটেজে বিভিন্ন দিনে তাঁদের একসঙ্গে থাকার প্রমাণ পাওয়া যায়।
তদন্তে আরও জানা যায়, তাঁদের যোগাযোগের বিষয়টি প্রকাশ পেলে চাকরি হারানোর আশঙ্কা করেছিলেন মেলানি। এ কারণে ওই কিশোরকে বিষয়টি গোপন রাখার কথাও বলেছিলেন তিনি।
শুনানি শেষে আইল অব ওয়াইট ক্রাউন কোর্টের জুরি মেলানিকে যৌন উদ্দেশ্যে অপ্রাপ্তবয়স্ককে প্রলুব্ধ করে সাক্ষাতের আয়োজন এবং আস্থাভিত্তিক দায়িত্বের অপব্যবহার করে শিশুর সঙ্গে যৌন কার্যকলাপের অপরাধে দোষী সাব্যস্ত করেন।
মেলানি বর্তমানে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত নেই। আগামী ৪ ডিসেম্বর তাঁর সাজা ঘোষণা করার কথা রয়েছে।
যুক্তরাজ্যের আইন অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের শিক্ষার্থীদের প্রতি বিশেষ সুরক্ষামূলক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বের অপব্যবহার করে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়।
