আন্তর্জাতিক ডেস্ক | ০৩ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ও রাজনৈতিক প্রচারণা বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে টেক্সাস অঙ্গরাজ্যে ইসলামি ধর্মীয় অনুশীলন ও মুসলিম সম্প্রদায়কে ঘিরে কিছু রিপাবলিকান নেতার অবস্থান উদ্বেগ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে নিজেদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে চাইছেন স্থানীয় মুসলিমরা।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের শেষ মুহূর্তে মুসলিম প্রার্থীদের লক্ষ্য করে আক্রমণাত্মক বক্তব্যের পাশাপাশি টেক্সাসে ইসলামি শরিয়াহ আইন নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাসের মোট জনসংখ্যার দুই শতাংশেরও কম মুসলিম। সংখ্যায় তুলনামূলক কম হলেও ভোটার উপস্থিতি বাড়িয়ে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নিজেদের গুরুত্ব তুলে ধরতে চাইছে সম্প্রদায়টি।
হিউস্টনের বাসিন্দা ও আইনজীবী সামির নাজদাম জানিয়েছেন, বিদ্বেষমূলক রাজনৈতিক পরিবেশের প্রভাব তিনি সবচেয়ে বেশি অনুভব করেন নিজের সন্তানদের মাধ্যমে। তাঁর মতে, প্রাপ্তবয়স্করা কার সঙ্গে মিশবেন, তা নিজেরা ঠিক করতে পারলেও শিশুদের বিদ্যালয়ে নানা ধরনের বিরূপ মন্তব্যের মুখোমুখি হতে হয়।
হিউস্টনের চিকিৎসক মরিয়ম আহমেদও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, গত দুই বছরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার কথাও ভেবেছেন। নিজের সন্তানকে যেন ধর্মীয় পরিচয়ের কারণে সন্ত্রাসী হিসেবে দেখা না হয়, সেটিই তাঁর অন্যতম উদ্বেগ।
এদিকে টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট অঙ্গরাজ্যে শরিয়াহ আইন সম্পূর্ণ নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। রিপাবলিকান সিনেটর টেড ক্রুজও দাবি করেছেন, শরিয়াহ আইন যুক্তরাষ্ট্রের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
চলতি বছরের জুনে টেক্সাস রিপাবলিকান পার্টি শরিয়াহবিরোধী একটি রাজনৈতিক নীতিমালা গ্রহণ করে। পাশাপাশি অঙ্গরাজ্যের আইনসভা এবং মার্কিন কংগ্রেসে শরিয়াহবিরোধী পৃথক রাজনৈতিক জোট গড়ে উঠেছে।
তবে অধিকারকর্মীদের বক্তব্য, যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে ইসলামি শরিয়াহকে রাষ্ট্রীয় আইন হিসেবে প্রতিষ্ঠা করা হয়নি। তাঁদের অভিযোগ, মুসলিমদের স্বাভাবিক ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডকে রাজনৈতিক হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছে।
টেক্সাসে মুসলিম অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসকে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। গভর্নর অ্যাবট সংগঠনটির টেক্সাস শাখাকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার উদ্যোগ নিয়েছেন। অন্যদিকে অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন সংগঠনটির কার্যক্রম বন্ধের দাবিতে মামলা করেছেন। সংগঠনটিও সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগে গভর্নরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে।
এ পরিস্থিতিতে মুসলিমদের ভোটার হিসেবে নিবন্ধিত করতে উদ্যোগ বাড়িয়েছে ইসলামিক সোসাইটি অব গ্রেটার হিউস্টন। সংগঠনটির আওতায় ৩০টির বেশি মসজিদ রয়েছে। মসজিদগুলোতে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি শুক্রবারের নামাজের সময়ও ভোটদানের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।
সংগঠনটির সভাপতি ইমরান গাজী জানিয়েছেন, তাঁরা নির্দিষ্ট কোনো প্রার্থীকে সমর্থন করছেন না। বরং মুসলিমদের নিজেদের বিবেচনা অনুযায়ী ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।
এ ছাড়া স্থানীয় মুসলিমদের মধ্যে বিদ্যালয়ের পাঠ্যক্রম নিয়েও উদ্বেগ রয়েছে। টেক্সাসের শিক্ষা বোর্ড অনুমোদিত একটি নতুন পাঠ্যক্রমে ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিভ্রান্তিকর উপস্থাপনা রয়েছে বলে অভিযোগ করেছেন সমালোচকেরা।
মুসলিম অধিকারকর্মী সামিহা রিজভী মনে করেন, শুধু নীরব থেকে পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। নিজেদের পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে মুসলিমদের নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।
যুক্তরাষ্ট্রের এবারের মধ্যবর্তী নির্বাচনে মুসলিমদের ভোট কোন দিকে যাবে, তা নিয়ে আলোচনা থাকলেও টেক্সাসের অনেক মুসলিম ভোটারের কাছে বিষয়টি কেবল দলীয় রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁদের কাছে ধর্মীয় স্বাধীনতা, সন্তানদের নিরাপত্তা এবং সমাজে সমান মর্যাদা পাওয়ার প্রশ্নও সমান গুরুত্বপূর্ণ।
