শিরোনাম:
হোম / বাংলাদেশ / চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীন
কিশোরগঞ্জে গৃহবধূ জ্যোৎস্না বেগম হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে

চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীন

জাতীয় | ১০ নভেম্বর ২০২৬

চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীন

কিশোরগঞ্জের করিমগঞ্জে রান্নার চুলার ধোঁয়া নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে গৃহবধূ জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ মামলায় অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- মঞ্জিল মিয়া, তাঁর ছেলে রবি, শহিদ ও আমিনুল, নাতি মাহবুব এবং জিয়াউদ্দিন ও সাহাবুদ্দিন। মামলার অপর চার আসামি আবুল কালাম, সুফিয়া আক্তার, কলি আক্তার ও নুরুন্নাহারকে খালাস দিয়েছেন আদালত।মামলার বিবরণ অনুযায়ী, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় একই সীমানার বাড়িতে বসবাস করতেন জ্যোৎস্না বেগম ও আসামিরা। জ্যোৎস্নার রান্নার চুলার ধোঁয়া প্রতিবেশী কলি আক্তারের ঘরে প্রবেশ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। চুলাটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হলেও সমস্যার সমাধান হয়নি।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জ্যোৎস্নাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর করা হয়। মামলার বিবরণে বলা হয়েছে, তাঁকে লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে আঘাত করা হয়। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর আত্মীয় আয়শা আক্তারও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জ্যোৎস্নার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জ্যোৎস্নার স্বামী হাবিবুর রহমান হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় ১০ বছর ৯ মাস পর মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত। রায়ে সন্তুষ্ট নন নিহতের স্বামী হাবিবুর রহমান। তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছিলেন বলে জানিয়েছেন। অন্যদিকে দণ্ডপ্রাপ্তদের পক্ষ থেকেও রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানানো হয়েছে।

আদালতের সরকারি কৌঁসুলি ও সংশ্লিষ্ট আইনজীবীরা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share
WhatsApp