শিরোনাম:
হোম / আন্তর্জাতিক / ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞাকে স্বাগত জানাল জর্ডান
jordan-welcomes-uk-australia-israel-sanctions

ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞাকে স্বাগত জানাল জর্ডান

আন্তর্জাতিক ডেস্ক | ১৮ নভেম্বর ২০২৬

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার আরোপ করা নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে জর্ডান।

অবৈধ বসতি সম্প্রসারণে সংশ্লিষ্টতার অভিযোগে ইসরায়েলের আটটি নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ার অভিযোগে একটি ইসরায়েলি সংগঠনের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

অন্যদিকে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কয়েকজন ইসরায়েলি নাগরিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আল-মাজালি এক বিবৃতিতে বলেন, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার এসব নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরও বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা ক্ষুণ্ন করে এমন অবৈধ ইসরায়েলি কর্মকাণ্ড প্রতিরোধে এসব পদক্ষেপ ভূমিকা রাখবে।

একই সঙ্গে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি জর্ডানের সমর্থন পুনর্ব্যক্ত করেন আল-মাজালি।

Share
WhatsApp