জাতীয় ডেস্ক | ১৯ নভেম্বর ২০২৬
কাঁচপুরে যাত্রীবাহী বাসে আগুন
নারায়ণগঞ্জের কাঁচপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় চালক, সহকারী ও যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছেন। তবে আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।প্রত্যক্ষদর্শী ও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যাত্রী ওঠানামার জন্য বাসটি কাঁচপুর ব্রিজের পাশে থামানো ছিল। এ সময় সাধারণ যাত্রীর ছদ্মবেশে এক ব্যক্তি বাসে উঠে ভেতরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাসের চালক ও যাত্রীরা নেমে যান। ফলে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হননি। পুড়ে যাওয়া বাসটি রেকারের সাহায্যে সরানোর ব্যবস্থা করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
