আন্তর্জাতিক ডেস্ক | ৬ অক্টোবর ২০২৬
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের দিন পুলিশের বিরুদ্ধে ‘ভোট লুট’ ও পক্ষপাতের গুরুতর অভিযোগ তোলার কিছুক্ষণের মধ্যেই আটক হয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান ও বিধায়ক হুমায়ুন কবির।
মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে রেজিনগরে ভোট দিতে যান হুমায়ুন কবির। ভোট দেওয়ার আগে ও পরে পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, বিভিন্ন বুথে পুলিশ ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে এবং ভোটারদের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হুমায়ুন অভিযোগ করেন, পুলিশ ‘উর্দি পরে ভোট লুট করছে’। বুথে বুথে ভোট লুট হচ্ছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এজেইউপি নেতা।
এর কিছু সময় পর রেজিনগরে তাঁর দলের কার্যালয়ে যায় পুলিশ। সেখানে পুলিশ সদস্যদের সঙ্গে হুমায়ুন কবিরের তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়। প্রকাশিত ভিডিওতে তাঁকে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করতে দেখা যায়। একপর্যায়ে পুলিশ সদস্যরা তাঁকে ধরে গাড়িতে তুলে থানায় নিয়ে যান।
আটকের সময় হুমায়ুন কবির নিজেও তাঁর বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা জানেন না বলে সাংবাদিকদের জানান।
তবে পুলিশের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ করার কারণেই তাঁকে আটক করা হয়েছে, এমন কোনো আনুষ্ঠানিক বক্তব্য পুলিশের পক্ষ থেকে পাওয়া যায়নি। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হুমায়ুন কবিরের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি, পুলিশকে হুমকি দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগ ওঠে।
এর আগেও উপনির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তাঁর দলের নেতা-কর্মীদের হয়রানি ও গ্রেফতারের অভিযোগ করেছিলেন হুমায়ুন। তিনি দাবি করেছিলেন, গত দুই মাসে তাঁর দলের বহু নেতা-কর্মীকে আটক বা গ্রেফতার করা হয়েছে। এসব অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়েছিলেন তিনি।
রেজিনগরের এই উপনির্বাচনে হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবি আজাদ আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঘটনাকে কেন্দ্র করে ভোটের দিন সকাল থেকেই রেজিনগরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
