আন্তর্জাতিক ডেস্ক | ৬ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে সামরিক হামলার আশঙ্কার মধ্যে জরুরি পরিস্থিতিতে দেশের অর্থনীতি সামলাতে পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরির আহ্বান জানিয়েছেন ইরানের বেসামরিক প্রতিরক্ষা প্রধান গোলামরেজা জালালি।
ইরানের বার্তা সংস্থা ফারসের বরাতে জানা গেছে, দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রধান জালালি বলেছেন, নতুন ধরনের হুমকির মুখে অর্থনীতি অন্যতম ঝুঁকিপূর্ণ খাত। এ কারণে সংকট মোকাবিলায় সমন্বিত ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া প্রয়োজন।
জরুরি পরিস্থিতিতে মানুষের মৌলিক চাহিদা পূরণ, উৎপাদন অব্যাহত রাখা এবং কর্মসংস্থান রক্ষাকে প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।
জালালি দেশের সম্পদ ও সক্ষমতা আরও দক্ষতার সঙ্গে ব্যবহারের আহ্বানও জানান। সংকটের সময়ে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে এসব সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন তিনি।
