শিরোনাম:
হোম / আন্তর্জাতিক / নতুন করে যুদ্ধ শুরু হলে উপসাগরের সমুদ্রতলের ইন্টারনেট কেবলে হামলার পরিকল্পনা ইরানের
হরমুজ প্রণালির সমুদ্রতলের ইন্টারনেট কেবলে হামলার পরিকল্পনা করেছে ইরান

নতুন করে যুদ্ধ শুরু হলে উপসাগরের সমুদ্রতলের ইন্টারনেট কেবলে হামলার পরিকল্পনা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক | ২৪ অক্টোবর ২০২৬, শনিবার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে সামরিক হামলা চালালে পারস্য উপসাগরের সমুদ্রতলে থাকা গুরুত্বপূর্ণ ইন্টারনেট ও যোগাযোগ কেবল ধ্বংসের বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে ইরান। দেশটির দুই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এমন হামলা হলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইন্টারনেট সংযোগ, ব্যাংকিং কার্যক্রম, আন্তর্জাতিক আর্থিক লেনদেন এবং ডিজিটাল সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।

শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয়ে আবারও যুদ্ধ শুরু হলে সমুদ্রতলের যোগাযোগ অবকাঠামোকে অন্যতম লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে তেহরান।

নাম প্রকাশ না করার শর্তে ইরানের দুই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য হামলার জন্য বিস্তারিত প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে কোথায় এবং কীভাবে এসব হামলা চালানো হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য প্রকাশ করেননি তাঁরা।

এক কর্মকর্তা জানিয়েছেন, হামলার পর ক্ষতিগ্রস্ত কেবল দ্রুত মেরামত করতে না দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে ইন্টারনেট ও যোগাযোগব্যবস্থার বিপর্যয় দীর্ঘস্থায়ী করার চেষ্টা করা হতে পারে।

ওই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানে আবার হামলা হলে তেহরানের প্রতিক্রিয়ার ক্ষেত্রে আর কোনো সীমারেখা থাকবে না। সমুদ্রতলের যোগাযোগ কেবল থেকে শুরু করে গোপন সামরিক ঘাঁটিও হামলার আওতায় আসতে পারে।

এর আগে বুধবার (২১ অক্টোবর) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) রাজনৈতিকবিষয়ক উপপ্রধান ইয়াদোল্লাহ জাভানি সতর্ক করে বলেন, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা হলে হরমুজ প্রণালির নিচ দিয়ে যাওয়া সাতটি প্রধান ইন্টারনেট কেবল লক্ষ্যবস্তু হতে পারে।

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ৯৯ শতাংশ আন্তমহাদেশীয় ইন্টারনেট ডেটা সমুদ্রতলের কেবলের মাধ্যমে পরিবাহিত হয়। ফলে এসব অবকাঠামো আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে টেলিযোগাযোগ গবেষণা প্রতিষ্ঠান টেলিজিওগ্রাফির গবেষণা পরিচালক অ্যালান মলডিন জানিয়েছেন, হরমুজ প্রণালির মধ্য দিয়ে বিশ্বের মোট আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথের এক শতাংশেরও কম পরিবাহিত হয়। তাই সেখানে হামলা হলে বিশ্বব্যাপী ইন্টারনেট পুরোপুরি অচল হওয়ার আশঙ্কা কম হলেও উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, একাধিক কেবল একসঙ্গে ক্ষতিগ্রস্ত হলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন, অনলাইন বাণিজ্য, ক্লাউড কম্পিউটিং এবং বিভিন্ন ডিজিটাল সেবা ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।

যুদ্ধ চলাকালে ক্ষতিগ্রস্ত কেবল মেরামত করাও কঠিন হয়ে উঠতে পারে। নিরাপত্তাঝুঁকি, জাহাজের বিমা ব্যয় বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দেশের জলসীমায় প্রবেশের অনুমতি পেতে বিলম্বের কারণে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে।

ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই চলতি মাসের শুরুতে সতর্ক করেছিলেন, নতুন সংঘাত শুরু হলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অবকাঠামোও হামলার লক্ষ্য হতে পারে।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সেন্টার খাতে বিপুল বিনিয়োগ করেছে। যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সঙ্গেও এসব দেশের অর্থনৈতিক সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে।

ওয়াশিংটনভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউটের ইরানবিষয়ক কর্মসূচির পরিচালক অ্যালেক্স ভাটাঙ্কার মতে, ইরানের এমন হুমকির অন্যতম উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করা। তেহরান চাইছে, উপসাগরীয় সরকার ও আন্তর্জাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো তাদের বিনিয়োগের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে নতুন সামরিক অভিযান থেকে বিরত থাকতে চাপ দিক।

চলতি বছরের মার্চে ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের দুটি স্থাপনা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিল। একই সময়ে বাহরাইনে প্রতিষ্ঠানটির একটি স্থাপনার কাছের অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়। ওই সংঘাতের সময় আইআরজিসি মাইক্রোসফট, গুগল, অ্যাপল ও এনভিডিয়াসহ কয়েকটি মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছিল।

বিশেষজ্ঞরা মনে করছেন, হরমুজ প্রণালির তুলনায় লোহিত সাগরের সমুদ্রতলের যোগাযোগ কেবল ক্ষতিগ্রস্ত হলে আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থায় আরও বড় প্রভাব পড়তে পারে। কারণ ইউরোপ, পূর্ব আফ্রিকা ও এশিয়ার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ ডেটা ওই পথ দিয়ে পরিবাহিত হয়। তবে লোহিত সাগরের কেবলে হামলার কোনো পরিকল্পনা ইরান প্রকাশ্যে ঘোষণা করেনি।

এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় উপসাগরীয় দেশগুলো বিকল্প স্থলভিত্তিক যোগাযোগব্যবস্থা এবং নতুন সমুদ্রতল কেবল স্থাপনে বিনিয়োগ বাড়াচ্ছে। মাইক্রোসফটও ২০৩০ সালের মধ্যে মধ্যপ্রাচ্যে সমুদ্রতল ও স্থলভিত্তিক যোগাযোগ অবকাঠামোয় ৪০ কোটি ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে।

ইরানের দুই নিরাপত্তা কর্মকর্তার বক্তব্যের বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো জবাব দেয়নি। উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, ইরানের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সামরিক সংঘাতের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না। বরং মধ্যপ্রাচ্যের ডিজিটাল অর্থনীতি, আন্তর্জাতিক ব্যবসা ও যোগাযোগব্যবস্থাও নতুন ধরনের নিরাপত্তাঝুঁকির মুখে পড়তে পারে।

Share
WhatsApp