আন্তর্জাতিক ডেস্ক | ০৫ অক্টোবর ২০২৬
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি সোমবার সাফ হুঁশিয়ারি দিয়েছেন, দেশের বিরুদ্ধে নতুন কোনো যুদ্ধ শুরু হলে তা গোটা অঞ্চলকে গ্রাস করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইরান এখন “আগের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী”।
জেনারেল আবদোল্লাহি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি বা ইসরায়েলের উসকানিতে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিলে ইরানের সশস্ত্র বাহিনী “তাৎক্ষণিক, সীমাহীন এবং ভয়াবহ” জবাব দেবে। মার্কিন নির্বাচনের আগে বা পরে—কোনো অবস্থাতেই এই হুঁশিয়ারি থেকে সরে আসবে না ইরান।
ইরানের পারমাণবিক কর্মসূচি সামরিক পর্যায়ে পৌঁছেছে—ইসরায়েলের এমন দাবি সম্পূর্ণ “ভ্রান্ত” বলে উড়িয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি, কয়েকশো পারমাণবিক ওয়ারহেডধারী ইসরায়েলের মুখ থেকে ইরানের বিরুদ্ধে অভিযোগকে “আন্তর্জাতিক আইনের প্রতি উপহাস” বলে মন্তব্য করেন তিনি।এর আগে, গত আগস্টে ইরানের প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ভূগর্ভস্থ একটি গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন জেনারেল আবদোল্লাহি। এসময় দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র উৎপাদনের সর্বশেষ অগ্রগতি পরিদর্শন করেন তিনি।
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়ানোর যে কোনো অপচেষ্টা কেবল আগ্রাসীদের জন্যই নয়, গোটা অঞ্চলের জন্যই ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে বলে বার্তা দিয়েছেন জেনারেল আবদোল্লাহি।
