শিরোনাম:
হোম / আন্তর্জাতিক / ইসরায়েলের নির্বাচনে আরব ভোটারদের উপস্থিতি নিয়ে নেতানিয়াহুর সতর্কবার্তা, বর্ণবাদের অভিযোগ
ইসরায়েলের নির্বাচনে আরব ভোটারদের ব্যাপক উপস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের নির্বাচনে আরব ভোটারদের উপস্থিতি নিয়ে নেতানিয়াহুর সতর্কবার্তা, বর্ণবাদের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | ২৮ অক্টোবর ২০২৬

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে আরব ভোটারদের ব্যাপক উপস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভোটের দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) তিনি ও তাঁর কট্টর ডানপন্থী জোটের নেতারা সমর্থকদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। অন্যদিকে আরব রাজনৈতিক নেতারা তাঁদের বক্তব্যকে বর্ণবাদী ও উসকানিমূলক বলে সমালোচনা করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার জেরুজালেমের বিভিন্ন সড়কে নেতানিয়াহুর লিকুদ পার্টির পতাকাবাহী গাড়ি থেকে মাইকে আজান বাজানো হয়। একই সঙ্গে আরব নাগরিকেরা ভোট দিচ্ছেন জানিয়ে দলটির সমর্থকদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে নেতানিয়াহু আরব অধ্যুষিত এলাকার ভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ সারির কথা তুলে ধরেন। নিকাব পরা নারীসহ আরব ভোটারদের একটি ছবিও প্রকাশ করেন তিনি।

নেতানিয়াহু সতর্ক করে বলেন, তাঁর সমর্থকেরা সক্রিয় না হলে মনসুর আব্বাস ও আহমদ তিবির নেতৃত্বাধীন রাজনৈতিক শক্তি সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে পারে।

ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটগ্রহণের প্রথম নয় ঘণ্টায় ভোটার উপস্থিতি ছিল ৫৫ দশমিক ৭ শতাংশ। ওই সময়ের হিসাবে এটি দেশটির নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ ভোটদানের হার।

প্রায় এক কোটি জনসংখ্যার ইসরায়েলে আরব নাগরিকদের অংশ প্রায় ২১ শতাংশ। তাঁদের অধিকাংশই ফিলিস্তিনি বংশোদ্ভূত। অতীতের নির্বাচনগুলোতে ইহুদি নাগরিকদের তুলনায় আরব ভোটারদের অংশগ্রহণ সাধারণত কম ছিল।

তবে এবারের নির্বাচনে আরব ভোটারদের ব্যাপক উপস্থিতি রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতারা।

আরব রাজনৈতিক নেতা আহমদ তিবি বলেছেন, আরব জনগোষ্ঠীর উল্লেখযোগ্য ভোটদানের মাধ্যমে বিকল্প সরকার গঠনের পথ তৈরি হতে পারে। একই সঙ্গে দেশের বিদ্যমান পরিস্থিতি পরিবর্তনের সুযোগও সৃষ্টি হবে।

আরব বালাদ পার্টির নেতা সামি আবু শেহাদেহ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ভোটকেন্দ্রের বাইরে দীর্ঘ সারি গণতন্ত্রে বিশ্বাসী মানুষের জন্য আনন্দের বিষয় হওয়া উচিত।

নেতানিয়াহু ও তাঁর জোটসঙ্গীদের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, আরব নাগরিকদের গণতান্ত্রিক অংশগ্রহণকে ভয় দেখানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও আরব ভোটারদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সমর্থকদের নিজের দল জিউইশ পাওয়ারকে ভোট দেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের দল রিলিজিয়াস জায়োনিজম জানিয়েছে, আরব ভোটারদের অস্বাভাবিক উপস্থিতি নিয়ে আলোচনার জন্য স্মোত্রিচ নির্বাচনী প্রচারণা স্থগিত করে জরুরি বৈঠক ডেকেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু এর আগেও নির্বাচনের সময় আরব ভোটারদের ব্যাপক অংশগ্রহণকে রাজনৈতিক হুমকি হিসেবে তুলে ধরেছেন। তাঁর বিরোধীরা এসব বক্তব্যকে বর্ণবাদী প্রচারণার অংশ বলে অভিযোগ করে আসছেন।

এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলা এবং পরবর্তী সময়ে গাজা, লেবানন ও ইরানকে ঘিরে সংঘাতের পর।

নেতানিয়াহুর নেতৃত্বাধীন ধর্মীয় ও জাতীয়তাবাদী জোটের চার বছরের শাসনামলে ইসরায়েলের আরব অধ্যুষিত এলাকাগুলোতে সহিংস অপরাধও বেড়েছে। এসব অপরাধের অনেকগুলো সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নির্বাচনের আগের জনমত জরিপগুলোতে নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বলে আভাস পাওয়া গেছে। তবে বিরোধী দলগুলোও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এ অবস্থায় আরব দলগুলোর নির্বাচনী ফলাফল ও পরবর্তী রাজনৈতিক অবস্থান নতুন সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশের পরই স্পষ্ট হবে নেতানিয়াহু ক্ষমতায় থাকছেন, নাকি ইসরায়েলে নতুন রাজনৈতিক নেতৃত্বের পথ তৈরি হচ্ছে।

Share
WhatsApp