শিরোনাম:
হোম / আন্তর্জাতিক / পশ্চিমবঙ্গে পাঁচ মাসে ২,৪৫৪ ধর্ষণ মামলা, ৬০০ খুনের তথ্য প্রকাশ
পশ্চিমবঙ্গে পাঁচ মাসে ২,৪৫৪ ধর্ষণ মামলা ও ৬০০ খুনের তথ্য নিয়ে বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক বিতর্ক

পশ্চিমবঙ্গে পাঁচ মাসে ২,৪৫৪ ধর্ষণ মামলা, ৬০০ খুনের তথ্য প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | ০৯ অক্টোবর, ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম পাঁচ মাসের অপরাধের পরিসংখ্যান তুলে ধরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। দলটির দাবি, রাজ্য ক্রাইম রেকর্ডস ব্যুরোর (SCRB) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ২,৪৫৪টি ধর্ষণের মামলা এবং ৬০০টি খুনের মামলা নথিভুক্ত হয়েছে। তবে এই পরিসংখ্যানকে কেন্দ্র করে দুই দলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

তৃণমূল নেতা ও বিধায়ক কুণাল ঘোষ এবং আইনজীবী অর্ক নাগ সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, সাবেক রাজ্যসভার সাংসদ শাকেত গোখলে তথ্য অধিকার আইনে (RTI) আবেদন করে রাজ্য ক্রাইম রেকর্ডস ব্যুরোর কাছ থেকে এই তথ্য সংগ্রহ করেন।প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ওই সময়ে ১৩ হাজার ১১৪টি খুনের চেষ্টা এবং ৩২ হাজার ৩৪১টি গুরুতর আঘাতের ঘটনাও নথিভুক্ত হয়েছে। ধর্ষণের মামলা সবচেয়ে বেশি নথিভুক্ত হয় জুলাই মাসে—৭৮৬টি। মে মাসে ৩৪৯টি, জুনে ৩৮৯টি, আগস্টে ৪৫৯টি এবং সেপ্টেম্বরের ২৪ তারিখ পর্যন্ত ৪৭১টি মামলা নথিভুক্ত হওয়ার কথা জানানো হয়েছে।এই পরিসংখ্যান তুলে ধরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছে তৃণমূল। দলটির নেতাদের অভিযোগ, নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে রাজ্য সরকারের জবাব দেওয়া প্রয়োজন।

তৃণমূলের অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিজেপি। দলটির বক্তব্য, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আগের সময়ে সংঘটিত কিছু অপরাধের অভিযোগও নথিভুক্ত করা হচ্ছে। বিজেপির দাবি, আগে অভিযোগ জানাতে না পারা ব্যক্তিরাও এখন মামলা করার সুযোগ পাচ্ছেন। ফলে শুধু মামলা নথিভুক্ত হওয়ার সংখ্যা দিয়ে নতুন সরকারের আমলে অপরাধ বেড়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না।উল্লেখ্য, প্রকাশিত পরিসংখ্যানে অভিযোগ বা মামলা নথিভুক্ত হওয়ার সংখ্যা দেখানো হয়েছে। একই সময়ের আগের সরকারের তুলনামূলক তথ্য ছাড়া অপরাধের হার বেড়েছে নাকি কমেছে, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

Share
WhatsApp