শিরোনাম:
হোম / আন্তর্জাতিক / তেল-গ্যাসে দীর্ঘমেয়াদি সহযোগিতায় আলোচনা শুরু ইরাক-তুরস্কের
iraq-turkiye-talks-long-term-oil-gas-framework-agreement

তেল-গ্যাসে দীর্ঘমেয়াদি সহযোগিতায় আলোচনা শুরু ইরাক-তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক | ৩ অক্টোবর ২০২৬

তেল ও গ্যাস খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার জন্য একটি কাঠামোগত চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে ইরাক ও তুরস্ক। ইরাকি নিউজ এজেন্সির (আইএনএ) বরাতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার আঙ্কারায় ইরাকের তেলমন্ত্রী বাসেম মোহাম্মদ খুদাইর এবং তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আলপারস্লান বাইরাকতার বৈঠক করেন।

ইরাকের তেল মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে দুই দেশের তেল ও গ্যাস খাতের অবকাঠামো উন্নয়ন, পেট্রোকেমিক্যাল শিল্প এবং তেল, গ্যাস ও জ্বালানি বাণিজ্যে সহযোগিতা বাড়ানোর সম্ভাব্য রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে।

ইরান যুদ্ধের কারণে কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পর ইরাকের তেল রপ্তানি ৮০ শতাংশের বেশি কমে গেছে। এমন পরিস্থিতিতে বিকল্প পথে তেল রপ্তানি বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে বাগদাদ।

এই প্রেক্ষাপটে তুরস্ক হয়ে যাওয়া কিরকুক-জেইহান পাইপলাইন ইরাকের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গত আগস্টে তুরস্কের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান বোতাশ এবং ইরাকের রাষ্ট্রীয় তেল কোম্পানি সোমো ও এনওসি এক বছরের একটি চুক্তি করে। এর লক্ষ্য ছিল কিরকুক-জেইহান পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেলের প্রবাহ বাড়ানো।

একই সময়ে ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদি জানিয়েছিলেন, দুই সরকার তেলের পাশাপাশি বিদ্যুৎ, পানি সম্পদসহ বিভিন্ন খাতকে অন্তর্ভুক্ত করে একটি বিস্তৃত কাঠামোগত চুক্তি সম্পন্ন করার লক্ষ্যে কাজ করবে।

নতুন আলোচনা সফল হলে তুরস্কের মধ্য দিয়ে বিকল্প রপ্তানি পথ ব্যবহারের পাশাপাশি দুই দেশের জ্বালানি অবকাঠামো ও বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত হতে পারে।

#ইরাক #তুরস্ক #তেল #গ্যাস #জ্বালানি #হরমুজ #Iraq #Turkiye #Oil #Gas #Energy

Share
WhatsApp