আন্তর্জাতিক ডেস্ক | ২৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করলে ঢাল হয়ে পাশে দাঁড়াবজাতি- এমন বক্তব্য দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বেইজিংয়ের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছেন।বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘২০২৬ ঢাকা ফোরাম অন বাংলাদেশ-চীন রিলেশনস’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ঢাকায় চীনা দূতাবাস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ড. লিউ ইউইন বলেন, বাংলাদেশের জনগণের নিজেদের উন্নয়নের পথ স্বাধীনভাবে বেছে নেওয়ার অধিকার রয়েছে। চীন সেই অধিকারকে সম্মান করে। দুই দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ওপর প্রতিষ্ঠিত। তিনি আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, শিল্প উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তরের মতো খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশে চীনা বিনিয়োগ ও কারখানা স্থাপনের ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, এতে কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বহুমুখীকরণ এবং বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগ তৈরি হতে পারে। তিনি চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর, বন্দর উন্নয়ন এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে চীনের গঠনমূলক ভূমিকার প্রত্যাশাও তুলে ধরেন। সেমিনারে কূটনীতিক, সরকারি কর্মকর্তা, গবেষক, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
