শিরোনাম:
হোম / বাংলাদেশ / ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবার পাবে ১ কোটি ১০ লাখ শিশু

২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবার পাবে ১ কোটি ১০ লাখ শিশু

নিজস্ব প্রতিবেদক | ২৭ নভেম্বর ২০২৬

দেশের শিশুদের পুষ্টির ঘাটতি দূর করতে ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবার বা মিড ডে মিল চালু করবে সরকার। এ কর্মসূচির আওতায় দেশের ৫০০টি উপজেলার ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমানে দেশের ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। আগামী বছর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচিটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

শুধু খাবার সরবরাহ নয়, শিশুদের জন্য বরাদ্দ করা খাবারের গুণগত মান ও পুষ্টিগুণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন ডা. জুবাইদা রহমান। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের মায়েদের সম্পৃক্ত করে তদারকি ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

বিদ্যালয়ের দুপুরের খাবার সুস্বাদু, পুষ্টিকর ও সহজলভ্য করতে জেলা ও উপজেলা পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দেন তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রন্ধনপ্রণালি, সহজলভ্য স্থানীয় উপকরণ, শাকসবজি, আমিষ, দুগ্ধজাত পণ্য ব্যবহার, মায়েদের সম্পৃক্ততা ও তদারকি দেশের শিশুদের পুষ্টির মান বহুগুণে বাড়াবে।’

বক্তব্যে বাংলাদেশের শিশুদের পুষ্টি পরিস্থিতি নিয়েও উদ্বেগের কথা তুলে ধরেন তিনি। জাতিসংঘের পরিসংখ্যান উল্লেখ করে জানান, দেশের পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ২৫ দশমিক ১ শতাংশ খর্বতার শিকার।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

সবার জন্য খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, শিশুদের অপুষ্টি ও খর্বতা দূর করা, ক্ষুদ্র কৃষকদের সহায়তা, টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলা এবং খাদ্যের অপচয় কমানোর ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

কৃষিপ্রধান বাংলাদেশের নতুন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তোলার আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বাড়াতে উন্নত জাতের ফসল চাষের ওপর গুরুত্ব দিতে হবে।

এ প্রসঙ্গে তিনি ভিটামিন এ-সমৃদ্ধ সোনালি ধান, রোগ প্রতিরোধী আলু এবং পোকা প্রতিরোধী বেগুন চাষের বিষয়টি তুলে ধরেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৩০ হাজারের বেশি কৃষক পোকা প্রতিরোধী বেগুন চাষ করছেন।

আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তুলতে সেচ ও কৃষি অবকাঠামোর উন্নয়ন, খাল খনন, ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পতিত জমিকে চাষের আওতায় আনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

পাশাপাশি মা ও শিশুর জন্য নিরাপদ ও বৈচিত্র্যময় খাদ্য নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এই চিকিৎসক।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতায় জমা পড়া ৩০০টি রেসিপির মধ্য থেকে পাঁচজনকে পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি। দ্বিতীয় হন আবু আব্দুল্লাহ এমডি সিয়াম এবং তৃতীয় স্থান অর্জন করেন রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও চেক তুলে দেওয়া হয়।

বাংলাদেশের রান্না ও খাদ্যসংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তুলতে প্রতিযোগীদের নতুনত্ব ও সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান ডা. জুবাইদা রহমান।

ক্ষুধামুক্ত পৃথিবী গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, পৃথিবীকে জিরো হাঙ্গার, শূন্য ক্ষুধার দিকে এগিয়ে নিতে আমরা সকলেই প্রচেষ্টা চালাই।’

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক কৃষিবিদ মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Share
WhatsApp