শিরোনাম:
হোম / বাংলাদেশ / তুরস্কের ৩০ কোটি ডলারের বিনিয়োগ বাংলাদেশে, কর্মসংস্থান হবে ৪৪০০ মানুষের
বাংলাদেশে তুরস্কের ডেনিম কারখানায় ৩০ কোটি ডলার বিনিয়োগ

তুরস্কের ৩০ কোটি ডলারের বিনিয়োগ বাংলাদেশে, কর্মসংস্থান হবে ৪৪০০ মানুষের

জাতীয় ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে তুরস্কের ডেনিম কারখানায় ৩০ কোটি ডলার বিনিয়োগ

বাংলাদেশের টেক্সটাইল ও ডেনিম শিল্পে বড় বিনিয়োগের পরিকল্পনা করেছে তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং। বাংলাদেশের ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে একটি অত্যাধুনিক ডেনিম কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। সানকো হোল্ডিংয়ের ডেনিম বিভাগ আইএসকোর (ISKO) মাধ্যমে বাস্তবায়িত হতে যাওয়া এ প্রকল্পে থাকবে সমন্বিত স্পিনিং ইউনিট। কারখানাটি চালু হলে সরাসরি প্রায় ৪ হাজার ৪০০ মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন সংস্থা ইনভেস্ট বাংলাদেশ। প্রস্তাবিত কারখানাটিতে প্রতি মাসে প্রায় ১ কোটি মিটার ডেনিম কাপড় উৎপাদনের সক্ষমতা থাকবে। অর্থাৎ বছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ১২ কোটি মিটার।ইনভেস্ট বাংলাদেশের তথ্য অনুযায়ী, ২০২৮ সালের প্রথম প্রান্তিকে কারখানাটির বাণিজ্যিক উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে ডেনিম কাপড় ও সুতা উৎপাদনের সক্ষমতা বাড়বে। এতে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি রপ্তানি খাতও উপকৃত হতে পারে।

২৫ নভেম্বর ইনভেস্ট বাংলাদেশ চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকে সানকো হোল্ডিংয়ের প্রতিনিধিদল প্রস্তাবিত বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগলু ও পরিচালনা পর্ষদের সদস্য হাকান কোনুকোগলু। বৈঠকে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বারসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সানকো হোল্ডিংয়ের টেক্সটাইল ব্যবসার ইতিহাস ১৯০৪ সাল থেকে। তাদের ডেনিম বিভাগ আইএসকো বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান। বছরে প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার ডেনিম উৎপাদনের সক্ষমতা রয়েছে প্রতিষ্ঠানটির এবং ৬০টির বেশি দেশে তাদের ব্যবসা রয়েছে। ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, ২০২৫ সালের শেষ প্রান্তিক থেকে সানকো হোল্ডিং তাদের ১৩০ কোটি ডলারের বিনিয়োগ পাইপলাইনে রয়েছে। দীর্ঘদিনের যোগাযোগ, আলোচনা ও বিনিয়োগ-সহায়তার মাধ্যমে প্রকল্পটি বর্তমান পর্যায়ে এসেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের টেক্সটাইল খাতে প্রযুক্তি ও দক্ষতা স্থানান্তর, নতুন কর্মসংস্থান এবং রপ্তানিমুখী উৎপাদন সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।

Share
WhatsApp