শিরোনাম:
হোম / বাংলাদেশ / বিকেল ৫টার পর ভিক্ষা নয়, অমান্য করলে ১,৫০০ টাকা জরিমানা: ফুলপুরে ‘ফকির কমিটির’ ঘোষণা
phulpur-begging-time-limit-fakir-committee

বিকেল ৫টার পর ভিক্ষা নয়, অমান্য করলে ১,৫০০ টাকা জরিমানা: ফুলপুরে ‘ফকির কমিটির’ ঘোষণা

জাতীয় ডেস্ক | ২৫ নভেম্বর ২০২৬

ফুলপুরে ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ

ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির জন্য সময়সীমা নির্ধারণ করে ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন স্থানীয় ‘ফকির কমিটির’ সভাপতি। তাঁর ঘোষণা অনুযায়ী, বিকেল ৫টার পর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না। নিয়ম অমান্য করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও ছবির মাধ্যমে বিষয়টি আলোচনায় আসে। ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে মাইক হাতে বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করা যাবে না। কেউ এই নিয়ম অমান্য করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হবে বলেও ঘোষণা দেন তিনি। পাশাপাশি কারাদণ্ডের হুঁশিয়ারিও দেওয়া হয়।এমন ঘোষণাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কেউ কেউ এটিকে বাজারের শৃঙ্খলা রক্ষার উদ্যোগ হিসেবে দেখছেন। অন্যদিকে, কোনো স্থানীয় কমিটির জরিমানা বা কারাদণ্ডের মতো শাস্তি নির্ধারণের আইনগত ক্ষমতা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানিয়েছেন, তিনি এমন কোনো ঘোষণার বিষয়ে অবগত নন।

ঘোষণাটি ঘিরে এখন মূল প্রশ্ন-স্থানীয় একটি কমিটি কি নিজের সিদ্ধান্তে এ ধরনের শাস্তি নির্ধারণ করতে পারে?

Share
WhatsApp