জাতীয় ডেস্ক | ২৬ নভেম্বর ২০২৬
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী।
দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম ধাপে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁদের কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। বিকেল সাড়ে ৫টায় বিমানবন্দরে কর্মীদের বিদায় জানানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, প্রথম দফায় নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তাঁদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগ পাওয়া কর্মীরা নিয়োগকর্তার কাছ থেকে আবাসন ও চিকিৎসাসুবিধাও পাবেন।
বোয়েসেলের তথ্য অনুযায়ী, কর্মীদের পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা, নিবন্ধন, প্রশিক্ষণ, বিমা, যাতায়াত, ভিসা ও বিমান টিকিটসহ অভিবাসনসংক্রান্ত খরচ বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান। ফলে নির্বাচিত ১১২ কর্মীকে নিজেদের পকেট থেকে কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না। অনলাইনে আবেদন করা ৪ হাজার ৩৯ জনের মধ্য থেকে প্রকাশ্য ই-লটারিতে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করা হয়। বোয়েসেলের তথ্যমতে, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নেওয়ার চাহিদা পাওয়া গেছে। এর মধ্যে ডিএইচএল ১১২ জন, টপ গ্লোভ ৩৭৯ জন, তাতাওয়া ইন্ডাস্ট্রি ৩২ জন এবং ইউনাইটেড প্লান্টেশন ৫২৫ জন কর্মী নেবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে মোট ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে।
