শিরোনাম:
হোম / বাংলাদেশ / আওয়ামী লীগের অনুষ্ঠানে গিয়ে উল্টো বক্তব্য দিলেন হ্যারি টমাস
আওয়ামী লীগের অনুষ্ঠানে গিয়ে উল্টো বক্তব্য দিলেন হ্যারি টমাস

আওয়ামী লীগের অনুষ্ঠানে গিয়ে উল্টো বক্তব্য দিলেন হ্যারি টমাস

জাতীয় ডেস্ক | ২৬ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের অনুষ্ঠানে গিয়ে হ্যারি টমাস

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। একই অনুষ্ঠানে গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রশংসাও করেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ঢাকা কোন পথে: বাংলাদেশ আজ ও আগামীকাল’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হ্যারি টমাস। আওয়ামী লীগ নিজেদের প্রচারণার অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করে। বক্তব্যে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে হ্যারি টমাস বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের হিসাব উল্লেখ করে তিনি বলেন, ওই ঘটনায় নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে। তাঁদের আত্মত্যাগের কথা সবার আগে স্মরণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এ সময় আন্দোলনে নিহত আবু সাঈদ ও এক শিশুর কথাও উল্লেখ করেন সাবেক এই মার্কিন কূটনীতিক। পাশাপাশি আন্দোলনের সময় নিহত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও স্মরণ করার কথা বলেন তিনি।

গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে হ্যারি টমাস বলেন, বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে নিজেদের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করেছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নির্বাচনের ফল নিয়ে ভিন্নমত থাকলেও ভোটের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টি স্বীকৃতি পাওয়া উচিত।বর্তমান সরকারের শ্রম সংস্কার, যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা এবং এলডিসি উত্তরণের সময়সীমা বাড়ানোর কূটনৈতিক উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। বক্তব্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন হ্যারি টমাস। তাঁর মতে, গণতন্ত্রের জন্য জনগণের ম্যান্ডেট পাওয়া সরকারের পাশাপাশি শক্তিশালী বিরোধী দলও প্রয়োজন। বিরোধী দল সরকারের কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করবে এবং জনগণের সামনে বিকল্প তুলে ধরবে। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ কমিয়ে দেশের ভবিষ্যতের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। তবে হ্যারি কে টমাস যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত; তাঁর বক্তব্যকে বর্তমান মার্কিন সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

Share
WhatsApp