জাতীয় ডেস্ক | ২৭ নভেম্বর ২০২৬
ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ জন নেতা-কর্মী রয়েছেন। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫১টি মামলা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ডিএমপির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৬ জন রয়েছেন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৮০, তেজগাঁওয়ে ৭৬, মতিঝিলে ৫৭, লালবাগে ৪৭, গুলশানে ৪৫, উত্তরা বিভাগে ৪১ এবং রমনা বিভাগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) একজনকে গ্রেপ্তার করেছে।পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত চারটি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১২ দশমিক ৭ কেজি গাঁজা, ৯ হাজার ১৫৮টি ইয়াবা, একটি বাস, তিনটি ব্যাংক কার্ড, ১১টি মোবাইল ফোন ও নগদ ১২ হাজার ৯৬৫ টাকা জব্দের কথা জানিয়েছে পুলিশ। অভিযানে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
