আন্তর্জাতিক ডেস্ক | ২৬ নভেম্বর ২০২৬
কোলে সন্তান নিয়ে সংসদে বক্তব্য
মাতৃত্ব ও পেশাগত দায়িত্বের এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল অস্ট্রেলিয়ার পার্লামেন্টে। ছয় মাস বয়সী মেয়েকে কোলে নিয়েই সিনেটে বক্তব্য দিয়েছেন দেশটির স্বতন্ত্র সিনেটর ফাতিমা পেম্যান। তাঁর এই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়ার সিনেটে অনলাইন নিরাপত্তা ও ডিজিটাল প্ল্যাটফর্মের দায়বদ্ধতা নিয়ে আলোচনার সময় মেয়েকে সঙ্গে নিয়ে অধিবেশনে অংশ নেন ফাতিমা পেম্যান। বক্তব্য দেওয়ার সময় তাঁর কোলে ছিল মেয়ে আলিয়াহ।
এ সময় তাঁর পেছনে বসা আরেক স্বতন্ত্র সিনেটর লিডিয়া থর্পকে শিশুটির সঙ্গে খুনসুটি করতে দেখা যায়। পার্লামেন্টের আনুষ্ঠানিক পরিবেশে এই দৃশ্য উপস্থিত অন্য সদস্যদেরও নজর কাড়ে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিয়ম অনুযায়ী, সিনেটররা অধিবেশন চলাকালে তাঁদের শিশুসন্তানকে সঙ্গে রাখতে এবং প্রয়োজন অনুযায়ী যত্ন নিতে পারেন। কর্মজীবী অভিভাবকদের দায়িত্ব পালনে সহায়তা করতেই এ ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। ফাতিমা পেম্যান পশ্চিম অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বকারী একজন স্বতন্ত্র সিনেটর। ২০২৬ সালে দায়িত্বে থাকা অবস্থায় সন্তান জন্ম দিয়ে তিনি পশ্চিম অস্ট্রেলিয়ার প্রথম সিনেটর হিসেবে ইতিহাস গড়েন। মেয়েকে কোলে নিয়ে সংসদে তাঁর বক্তব্যের দৃশ্যটি আবারও কর্মজীবন ও সন্তান পালনের দায়িত্ব একসঙ্গে সামলানোর বিষয়টি সামনে এনেছে।
