শিরোনাম:
হোম / অর্থনীতি / পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, ১১ মাস আমদানি বন্ধ অর্থনীতি ডেস্ক | ২২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, ১১ মাস আমদানি বন্ধ অর্থনীতি ডেস্ক | ২২ নভেম্বর ২০২৬

অর্থনীতি ডেস্ক | ২২ নভেম্বর ২০২৬

পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ

পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ। দেশে বার্ষিক চাহিদার তুলনায় ৪১ শতাংশের বেশি পেঁয়াজ উৎপাদিত হওয়ায় টানা ১১ মাস ধরে আমদানি বন্ধ রয়েছে। এতে প্রায় ৩৮২ মিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৭৬৪ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে জানায়, চলতি বছর দেশে ৫০ লাখ ৯০ হাজার টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। বিপরীতে দেশের বার্ষিক চাহিদা প্রায় ৩৬ লাখ টন। ফলে উৎপাদন চাহিদার তুলনায় ৪১ দশমিক ৩৯ শতাংশ বেশি।

একসময় দেশে পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদিত হলেও সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতার কারণে ফসলের বড় একটি অংশ নষ্ট হয়ে যেত। বিশেষ করে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশীয় পেঁয়াজের সরবরাহ কমে গেলে বাজারে সংকট তৈরি হতো। তখন আমদানির ওপর নির্ভর করতে হতো।

এই পরিস্থিতি বদলাতে কৃষক পর্যায়ে আধুনিক এয়ার-ফ্লো প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। ডিএইর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কৃষকদের মধ্যে ২৬ হাজার ৭০০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। এসব প্রযুক্তির মাধ্যমে প্রায় ৩ লাখ টন পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। এ ছাড়া দেশে ৪ থেকে ৫ লাখ টন ধারণক্ষমতার আধুনিক সংরক্ষণ সুবিধা গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন ডিএইর মহাপরিচালক এম আব্দুর রহিম।ডিএইর তথ্য অনুযায়ী, চলতি বছর ৩ লাখ হেক্টরের বেশি জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। প্রতি বিঘায় উৎপাদন আগের গড় ৭০ মণ থেকে বেড়ে প্রায় ১০০ মণে পৌঁছেছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৪৪ লাখ ৪৮ হাজার টন পেঁয়াজ উৎপাদিত হয়েছিল। ওই বছর আমদানি হয়েছিল ৪ লাখ ৭৩ হাজার টন। এর আগের অর্থবছরে উৎপাদন ছিল ৩৯ লাখ টন এবং আমদানি প্রায় ৬ লাখ টন। আধুনিক সংরক্ষণ ব্যবস্থার কারণে কৃষকরা মৌসুমে কম দামে পেঁয়াজ বিক্রি না করে পরবর্তী সময়ে ভালো দাম পাওয়ার সুযোগ পাচ্ছেন। ফরিদপুরের এক কৃষক এয়ার-ফ্লো মেশিন ব্যবহার করে ছয় মাস ধরে ১৪৫ মণ পেঁয়াজ সংরক্ষণ করেছেন বলে বাসসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং অতিরিক্ত উৎপাদিত পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা খতিয়ে দেখার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন সংশ্লিষ্ট কৃষকরা। পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি, আধুনিক সংরক্ষণ প্রযুক্তির সম্প্রসারণ এবং আমদানিনির্ভরতা কমানোর এই অগ্রগতি দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

Share
WhatsApp